কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে ৩১০ একর বনভূমি উদ্ধারের দুই দিন পর আবার দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। এসব জমিতে বাঁধ দিয়ে চিংড়িঘের করা হচ্ছে। ২১ মার্চ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই বনভূমি উদ্ধার করা হয়। জানা গেছে, অভিযানকালে ৩১০ একর ভূমির ওপর বানানো কয়েকটি চিংড়িঘেরের বাঁধ কেটে দেওয়া হয়। একই সঙ্গে প্যারাবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে চিংড়িঘের করার দায়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর, মোস্তফা কামাল ও জাহাঙ্গীর আলমকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানকালে উপস্থিত ছিলেন মহেশখালীর গোরকঘাটা বন রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল। তিনি জানান, উদ্ধারের দুই দিন পর ২৩ মার্চ বিকেলে প্রভাবশালীরা আবার ৩১০ একর বনভূমি দখল করেন। বনভূমির চারদিকে বাঁধ দিয়ে চিংড়িঘের তৈরি করা হচ্ছে। লোকবলসংকটের কারণে বন বিভাগ অভিযান চালাতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা অভিযোগ করেন, ঢাকায় অবস্থানরত স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ভূমিদস্যুদের ইন্ধন দিচ্ছেন। ওই নেতা বনকর্মীদের ভয়ভীতি ও বদলির হুমকি দিচ্ছেন। ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় পুলিশ ও উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে নামতে পারছে না। কক্সবাজারের সহকারী বন সংরক্ষক এম এ হাসান ৩১০ একর ভূমি ফের বেদখল হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ওই বনভূমিতে কয়েক দিনের মধ্যে সবুজ প্যারাবন করার পরিকল্পনা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল গফুরের নেতৃত্বে স্থানীয় মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, মো. হোসেন, একরাম মিয়া, সোনা মিয়া, কবির আহমদ, নূর হোসেন ওই ভূমি আবার দখল করেন। এখন তাতে পাঁচটির বেশি চিংড়িঘের করা হচ্ছে।তবে আবদুল গফুর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ফের বনভূমি দখলের সঙ্গে জড়িত নন। এখন যাঁরা আছেন, তাঁরা বনকর্মীদের সহযোগিতায় দখলে আছেন। মহেশখালী থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) শওকত হোসেন জানান, সোনাদিয়ার ৩১০ একর জমি ফের দখলের খবর তাঁর জানা নেই। ইউপি নির্বাচন নিয়ে পুলিশ ব্যস্ত থাকায় সোনাদিয়ায় গিয়ে পুলিশ খোঁজখবর নিতেও পারছে না।