অপহরণের ৩৬ ঘণ্টা পর কুষ্টিয়ার খোকসায় গতকাল মঙ্গলবার সকালে নাজিম উদ্দীন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর গতকালই সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এদিকে, অপহরণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাজিমের সহপাঠীরা পরীক্ষা শেষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
নাজমুল খোকসা থানা সড়কের চা বিক্রেতা নিজাম উদ্দীনের ছেলে। সে এ বছর খোকসা-জানিপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে ভোকেশনাল শাখায় এসএসসি পরীক্ষা দিচ্ছে।
নাজিম উদ্দীন জানায়, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে খোকসা বাজার থেকে চার-পাঁচজন লোক তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তারা তার গায়ের গেঞ্জি ছিঁড়ে মুখের মধ্যে দিয়ে টেপ লাগিয়েদেয়। অপহরণকারীরা তাকে খেতে দেয়নি। সব সময় মাইক্রোবাসে রেখেছিল। অপহরণকারীদের সে চিনতে পারেনি। কী উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয় তাও তাকে জানায়নি।
অপহরণের পর নাজিমের বাবা নিজাম উদ্দীন গত সোমবার সকালে খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা সন্ধ্যায় বলেন, ছেলেটি পরীক্ষা শেষে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশের তৎপরতা টের পেয়েহয়তো তাকে ছেড়ে দিয়েছে। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।