উদ্ধারের পর কারাগারে ছাত্রলীগ নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার ২৩ দিন পর গতকাল শুক্রবার ভোরে যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সল খানকে উদ্ধার করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা গ্রাম থেকে র্যাব-৬-এর একটি টহল দল তাঁকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ দুপুরের দিকে তাঁকে আদালতে হাজির করে। যশোরের যুবলীগের নেতা রফিকুল ইসলাম ওরফে শিপন হত্যা মামলায় আটক দেখিয়ে আদালত তাঁকে গতকালই জেলা কারাগারে পাঠান।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, ফয়সল যশোর যুবলীগের এক নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি জানান, ফয়সল ওই মামলা থেকে বাঁচার জন্য আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।