উদ্বাস্তু নন, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র
প্রত্যেকের হাতে খাবার থালা। খোলা আকাশের নিচে রাখা কয়েকটি বড় হাঁড়ি ঘিরে দাঁড়িয়ে আছেন সবাই। থালায় খাবার নিয়ে মাঠে বসেই চলছে তাঁদের খাওয়া।প্রথম দর্শনে মনে হবে শরণার্থী-শিবিরে খাওয়ার জন্য ভিড় করেছেন অভুক্ত উদ্বাস্তুরা। কিন্তু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের চিত্র। শিক্ষার্থীদের খাবার জায়গার বিকল্প ব্যবস্থা না করে ক্যান্টিন ও মেস দুই জায়গাতেই একসঙ্গে সংস্কারকাজ চলছে। হল প্রশাসনের অদূরদর্শী এ পদক্ষেপের কারণে ওই হলের ছাত্ররা এখন খোলা আকাশের নিচে খাবার খান। এটা চলছে প্রায় এক মাস ধরে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের খাবারের জন্য রয়েছে ক্যান্টিন ও মেসের ব্যবস্থা। এর মধ্যে ক্যান্টিন পরিচালিত হয় ইজারার মাধ্যমে। মেস পরিচালিত হয় হল প্রশাসনের তত্ত্বাবধানে ছাত্রদের দ্বারা।কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদুল আজহার পর থেকেই ক্যান্টিন ও মেস বন্ধ থাকায় তাঁদের খাবারের জন্য এভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে। হলের ছাত্র ফারহান হাবীব ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, হল প্রশাসন মেস ও ক্যান্টিনের সংস্কারকাজ পর্যায়ক্রমে শুরু করতে পারত। এ ছাড়া ডিসেম্বর মাসে ক্যাম্পাস এমনিতেই শীতকালীন বন্ধ থাকে, তখন কাজ করলে খাবারের জন্য কষ্ট করতে হতো না।গতকাল শুক্রবার দুপুরে ওই হলে গিয়ে দেখা যায়, হলের সামনের মাঠে লাইন ধরে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। সেখানে খাবারের ব্যবস্থা করেছেন হলের দোকানদার ইসমাইল। শিক্ষার্থীরা জানান, খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে। স্বাভাবিক অবস্থায় যে টাকা দিয়ে ক্যান্টিনে খান, তার চেয়ে ৫-১০ টাকা বেশি দিয়ে খেতে হচ্ছে তাঁদের। এ ছাড়া খাবারের নিম্নমান ও স্বল্পতার কারণে দ্বিগুণ-তিনগুণ দামে খাবার খেতে হচ্ছে ক্যম্পাসের আশপাশের খাবার দোকানগুলোতে।হল প্রশাসন সূত্রে জানা যায়, হলের ক্যান্টিনের সংস্কারকাজ পেয়েছে মেহেদী কনস্ট্রাকশন আর মেসের সংস্কারকাজ করছে খালেদা এন্টারপ্রাইজ। প্রায় এক মাস ধরে চলছে সংস্কারকাজ। কাজের অগ্রগতির বিষয়ে যোগাযোগ করলে মেহেদী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী এম জেড মেহ্দী প্রথম আলোকে বলেন, গত মাসের ১৫ তারিখ থেকে সংস্কারকাজ শুরু করেছেন তাঁরা। মাঝে দুই দিন ঈদের বন্ধ ছিল। তাই কিছুটা দেরি হয়েছে। কাজ শেষ করে এরই মধ্যে ক্যান্টিন হস্তান্তর করেছেন বলে তিনি দাবি করেন। তবে গতকাল সন্ধ্যায়ও দেখা যায়, ক্যান্টিনের রান্নাঘরের সংস্কার চলছে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান বলেন, সংস্কারকাজের জন্য বেশ কিছুদিন ধরেই ছাত্রদের খাবারের সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বিকল্প খবারের ব্যবস্থা না করে সংস্কারকাজের বিষয়ে তিনি বলেন, ‘আমার তো মনে হয়, সংস্কারের কথা ভেবে হাসিমুখেই শিক্ষার্থীরা এ কষ্ট মেনে নিয়েছে। তবে ভবিষ্যতে পর্যায়ক্রমে কাজ করার কথা আমরা ভেবে দেখব।’ দু-এক দিনের মধ্যেই ক্যান্টিন খুলে দেওয়া হবে বলে জানান তিনি।