উদ্বাস্তু পরিবারের তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের গতকাল বৃহস্পতিবারের সভায় উদ্বাস্তু পরিবারের তালিকা যাচাইয়ের সিদ্ধান্তসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্র এ কথা জানিয়েছে।
সভার এসব সিদ্ধান্তকে পার্বত্য চুক্তির আওতায় গঠিত টাস্কফোর্সের কার্যক্রমে অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল রাঙামাটি সার্কিট হাউসে সভা শেষে টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘কীভাবে কম সময়ের মধ্যে দ্রুত কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া শরণার্থী পুনর্বাসন ও মামলা প্রত্যাহার বিষয়ে আলোচনা হয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভূমিবিরোধ নিষ্পত্তি না হলে টাস্কফোর্সের কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না। পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আশা করছি, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন এবার কার্যকর হবে।’ শরণার্থী পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসংহতি সমিতির সভাপতি হিসেবে সভায় উপস্থিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘উনি (যতীন্দ্র লাল ত্রিপুরা) যা বলেছেন, আমার কথাও তাই। সভা খুব ভালোভাবে হয়েছে।’
গতকাল বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত অনুষ্ঠিত রুদ্ধদ্বার সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও চাইথো অং মারমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসির প্রতিনিধি ও ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির প্রতিনিধি।
সভা সূত্র জানায়, অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারের তালিকা যাচাই-বাছাই করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ২০ দফা প্যাকেজ চুক্তির তালিকাভুক্ত হওয়ার পর যেসব পাহাড়ি পরিবার স্বেচ্ছায় দেশে ফিরেছে, সেসব পরিবারের তালিকা যাচাই করে সরকারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়েছে বলে সভা সূত্র জানিয়েছে।
ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির প্রতিনিধি সন্তোষিত চাকমা জানান, ভারতে আশ্রয় নেওয়া পাহাড়ি শরণার্থীদের দেশে ফিরিয়ে আনতে ১৯৯৭ সালের ৯ মার্চ ভারতের আগরতলায় একটি চুক্তি হয়। সেই চুক্তিটি ২০ দফা প্যাকেজ চুক্তি নামে পরিচিত। সেই চুক্তি অনুযায়ী তালিকাভুক্ত ১২ হাজার ২২২ পাহাড়ি পরিবার সরকারিভাবে দেশে ফিরে আসে। কিন্তু তার আগে চুক্তির আওতায় তালিকাভুক্ত আরও প্রায় ছয় হাজার পরিবার স্বেচ্ছায় দেশে ফিরেছিল। সেসব পরিবারও এখনো পুনর্বাসিত বা জায়গাজমি ফেরত পায়নি। তাদের তালিকা বাছাই করে সরকারের কাছে পাঠানো হবে।