উদ্বাস্তুদের উচ্ছেদ না করে কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নের দাবি
কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ করা হলে আশপাশে বসবাসরত ৪০ হাজারেরও বেশি উদ্বাস্তু পরিবার উচ্ছেদের শিকার হবে। উদ্বাস্তুদের উচ্ছেদ না করে বিমানবন্দরের আধুনিকায়নের দাবি জানিয়েছে উদ্বাস্তুদের কয়েকটি সংগঠন। গতকাল রোববার বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। কক্সবাজারের কুতুবদিয়া সমিতির সভাপতি সরোয়ার হাসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি এম এ মুরাদ কুতুবী, সাধারণ সম্পাদক মাসুদ কুতুবী, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আকতার কামাল, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট-এর সমন্বয়ক এফ এম নূরুল আলম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৯৮৬ সাল থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাস্তুহারা ৪০ হাজারের বেশি পরিবার এই বিমানবন্দরের পশ্চিম পাশে বাঁকখালী নদীর মোহনায় নাজিরারটেক এলাকার সরকারি খাসজমিতে বসবাস করে আসছে। পরিবারগুলোকে উচ্ছেদ করা হলে এটা হবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বক্তারা বলেন, অথচ এসব উদ্বাস্তুকে উচ্ছেদ না করেও বিমানবন্দর আধুনিকায়ন করা সম্ভব। কাউন্সিলর আকতার কামাল বলেন, ১৬টি গ্রামের দখলে থাকা ৩৫০ একরসহ মোট ৬৮২ একর খাসজমি বিমানবন্দরের অনুকূলে অধিগ্রহণের চেষ্টা চলছে। অথচ ওই জমিতে বসবাসরত ব্যক্তিদের ছাড়া অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ জমি বন্দোবস্ত না দেওয়ার ব্যাপারে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের করতে ৬০২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে ৩০২ কোটি টাকার উন্নয়নকাজ চলবে। আগামী মার্চেই এ কাজ শুরু হবে। বিমানবন্দর সম্প্রসারণের জন্য আশপাশের এলাকা থেকে সরকারি খাস খতিয়ানভুক্ত ৬৮২ একর জমি অধিগ্রহণ করা হবে।