উদ্বিগ্ন গ্রাহকদের ভিড় কমার্স ব্যাংকের খাতুনগঞ্জ শাখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা আত্মসাতের ঘটনায় গতকাল মঙ্গলবার দিনভর কমার্স ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় উদ্বিগ্ন গ্রাহকেরা ভিড় করেন। তাঁদের টাকা আত্মসাতের বিষয়ে ব্যাংকটির অন্তত ২২ জন গ্রাহক লিখিতভাবে ব্যাংকে অভিযোগ করেছেন। ব্যাংক থেকে ভুক্তভোগী গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে, তাঁদের টাকা আত্মসাৎ করা হয়ে থাকলেও তাঁরা টাকা ফিরে পাবেন। তবু উদ্বেগ তাঁদের তাড়া করছে।
কমার্স ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সেকেন্ড অফিসার মঈন উদ্দিন আহমদ ব্যাংকের গ্রাহকদের বিরাট অঙ্কের টাকা আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের অভিযানের মুখে গত সোমবার রাতে তিনি কোতোয়ালি থানায় হাজির হন। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যাংকের ক্যাশিয়ার মনিরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গতকাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মো. আবুল কাশেম বাদী হয়ে মঈন উদ্দিনসহ দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে মঈন উদ্দিন আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়।
মামলার বাদী কাজী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ব্যাংকের ২২ জন গ্রাহক অভিযোগ করেছেন। তাঁদের ব্যাংক হিসাবে দুই কোটি টাকা ঘাটতি আছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঈন ২৭ জন গ্রাহকের আড়াই কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।
গতকাল কমার্স ব্যাংকের এই শাখায় সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ ব্যাংকের চার সদস্যের একটি পরিদর্শক দল ঘটনা তদন্তে এসেছে। এ সময় তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে কথা বলে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নয়জন গ্রাহকের লেনদেনের তথ্য সংগ্রহ করেন। আবার সকাল থেকে কমার্স ব্যাংকের ঢাকা কার্যালয়ের একটি প্রতিনিধিদলও নিরীক্ষা কার্যক্রম শুরু করে। তবে তদন্ত শেষ হওয়ার আগে দুই দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
দুপুরে ব্যাংকে রহমান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা মঈনের ব্যবহার ছিল ভালো। এ জন্য তাঁকে বিশ্বাসও করেছিলাম। ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাইলে এক-দুই ঘণ্টা বা এক দিন পরে দিতেন। এখন হিসাব করে দেখছি, আমার ব্যাংক হিসাব থেকে ৭০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’
ব্যাংকের আরেক গ্রাহক মো. ইউছুপ বলেন, ‘দুদিন ছিলাম না। আজ এসে দেখি, আমার ব্যাংক হিসাবে ১৯ লাখ ৫০ হাজার টাকা নেই। মাত্র এক হাজার ৯৬২ টাকা আছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন। এর পরও দুশ্চিন্তায় আছি।’
ব্যাংকের কর্মকর্তারা জানান, মঈন উদ্দিন কোনো গ্রাহক টাকা উত্তোলন করার সময় ঘাটতি থাকলে অন্য হিসাব থেকে টাকা স্থানান্তর করে দিতেন। ফলে বিষয়টি এত দিন ধরা পড়েনি। তবে ব্যাংকের গ্রাহক ইলিয়াছ ফারুকের একটি চেক সম্প্রতি মুরাদপুর শাখায় জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। বিষয়টি তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর ব্যাংকের কর্মকর্তারা এই গ্রাহকের হিসাবে ১ লাখ ৮০ হাজার টাকার গরমিল দেখতে পান। এরপর মঈন উদ্দিন অনুপস্থিত থাকার সময় সোমবার অনেক গ্রাহক টাকা তুলতে এসে দেখেন, তাঁদের হিসাবে জমা টাকার পরিমাণ কমে গেছে। এরপর শাখা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘অর্থ আত্মসাতের এই মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত হওয়ায় মামলার নথি দুদকে পাঠানো হয়েছে। দুদকই মামলাটির তদন্ত করবে। এ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।