উদ্বিগ্ন ব্যবসায়ীরা চান রাজনৈতিক সমঝোতা
বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে নির্বিঘ্নে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা নিয়ে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা। এ অবস্থায় রাজনৈতিক সমঝোতা চান তাঁরা। এ জন্য করণীয় ঠিক করতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বৈঠক করছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীকে একত্রে বসানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আর একত্রে বসানোর কোনো উদ্যোগ তাঁদের নেই। তবে দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ যেন বজায় থাকে, সে জন্যই রাজনৈতিক সমঝোতা চাচ্ছেন তাঁরা। এ অবস্থায় শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দলের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করতে এফবিসিসিআই সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ প্রথম আলোকে বলেন, ‘দুই নেত্রীকে একসঙ্গে বসানোর দায়িত্ব আমাদের না। আমরা প্রস্তাব দিতে পারি। দেশের অর্থনীতির স্বার্থে আমরা তাঁদের একত্র করার চেষ্টা করব। প্রয়োজনে দুজনের সঙ্গে দেখা করব।’ এফবিসিসিআইয়ের সভাপতি জানান, মূলত রুটিন সাক্ষাতের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হবে। তবে সেখানে দেশের সাম্প্রতিক সহিংসতা ও হরতাল নিয়েও আলোচনা হবে।জানা গেছে, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে দু-এক দিনের মধ্যেই চিঠি দেবে এফবিসিসিআই। একের পর এক বৈঠক চলছে: এদিকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের বাসায় গত বুধবার রাতে নৈশভোজসভা করেন ব্যবসায়ীরা। এতে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ, সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক, মেট্রো চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, বস্ত্রমিল মালিকদের সমিতি বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, রপ্তানিকারকদের সমিতি ইএবির সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রমুখ উপস্থিত ছিলেন।জানতে চাইলে এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা হরতাল বন্ধ ও জ্বালাও-পোড়াও চাই না। এই পরিস্থিতিতে আমরা ব্যবসা করতে পারছি না। ভালো ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশ যেন বজায় থাকে, সে জন্য করণীয় ঠিক করতে আমরা বসেছিলাম।’ তিনি বলেন, ‘আপাতত দুই নেত্রীকে একসঙ্গে বসানোর কোনো এজেন্ডা আমাদের নেই। তবে দুই নেত্রীর সঙ্গে আলাদা বৈঠক করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাঁদের জানাতে পারি।’এ ছাড়া এফবিসিসিআইয়ের সাবেক আট সভাপতি শুক্রবার গুলশানের ওয়েস্টিন হোটেলে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন, আনিসুল হক, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহেমদ প্রমুখ।মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে উত্তরণের পথ নিয়ে আমরা আলোচনা করেছি। ব্যবসায়ীদের পক্ষ থেকে ২০০৬ সালে রাজনৈতিক সমঝোতার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নানা কারণে সে সময় তা সম্ভব হয়নি।’এর আগে ২ মার্চ ২৬টি ব্যবসায়ী সমিতি ও চেম্বারের নেতা রাজধানীর গুলশানের একটি হোটেলে আলোচনায় বসেন।