
বাংলাদেশে হিন্দুদের মন্দির ও বাড়িতে সাম্প্রতিক হামলায় ভারত উদ্বিগ্ন। ঢাকায় ভারতীয় হাইকমিশন সেই উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছে। বাংলাদেশও সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রতিশ্রুতির কথা ভারতকে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল না।
আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল এক প্রশ্নের উত্তরে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ঢাকায় ভারতের হাইকমিশনার সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেন। সংখ্যালঘুদের স্বার্থরক্ষার বিষয়টি বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বারবার প্রশাসনের গাফিলতির প্রসঙ্গ উঠে এসেছে। গতকাল সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো গ্যাপ ছিল কি না, দেখা হচ্ছে। আমরা মনে করি, পুলিশ বাহিনী বা ওই কর্মকর্তার (ওসি) কোনো গ্যাপ ছিল না। তারপরও আমরা মনে করেছি, আরেকটু তৎপর হতে পারত।’
তবে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে অন্য কথা। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ছিল সুপরিকল্পিত। প্রশাসন ও পুলিশ বাহিনীর দূরদর্শিতার অভাব, উদাসীনতা ও অবহেলা এ হামলার সুযোগ করে দিয়েছে। গতকাল এই সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, সন্দেহভাজন অপরাধীরা যে রাজনৈতিক দলের সদস্যই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।