প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করা সংক্রান্ত আইন মেনে চলতে সবাইকে আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে নগরের ফিসারিঘাটে জেলে ও মৎস্যজীবীদের উপস্থিতিতে এক উদ্বুদ্ধকরণ সভায় এই আহ্বান জানানো হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নগরের পাশাপাশি বাঁশখালী, আনোয়ারা, মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলায় যেসব নৌযান রয়েছে সেগুলো ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত যাতে সাগরে যেতে না পারে সে জন্য স্থানীয় প্রশাসনসহ সবাইকে সজাগ থাকতে হবে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সামুদ্রিক মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম সুলতানা। যান্ত্রিক মৎস্য নৌযান মালিক সমিতির মহাসচিব আমিনুল হক ওরফে বাবুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।