সরকার উদ্বৃত্ত খাদ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন-২০১৫ শীর্ষক এক আলোচনায় কৃষিমন্ত্রী এ তথ্য জানিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সম্মিলিতভাবে এই অঞ্চলের খাদ্যনিরাপত্তায় কাজ করার আহ্বান জানান।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ১৫টি দেশের বিশেষজ্ঞরা বক্তব্য দেন।
‘দক্ষিণ এশিয়ার কৃষিতে বিনিয়োগ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান। তিনি বলেন, কীভাবে উদ্বৃত্ত খাদ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সে অভিজ্ঞতা বাংলাদেশের আগে ছিল না। এই সরকারের আমলে বাংলাদেশ খাদ্যঘাটতি থেকে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত হয়েছে।
সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত ‘খাদ্য অধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক বিশেষ অধিবেশন-১-এ সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী সম্মেলনের সুপারিশগুলো সরকারকে দিলে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে জানান।
আরেকটি সেমিনারে উপস্থিত হয়ে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী দেশের খাদ্য আইন ও সামাজিক নিরাপত্তা আইনের মধ্যে সমন্বয় আনা ওপর গুরুত্ব দেন।
সেমিনারে আলোচক ছিলেন অ্যাকশন এইডের পরিচালক আসগর আলী, ইরির কৃষিবিজ্ঞানী জয়নুল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু ইউসুফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ।
‘দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা’ শীর্ষক অধিবেশন-১-এ সভাপতিত্ব করেন অক্সফামের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল সোনেজি। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আলোচক ছিলেন অক্সফামের কৃষি ও বাণিজ্য উপদেষ্টা থিয়েরি কেসটেলুট, ভারতের খাদ্য অধিকার ক্যাম্পেইনের কো-কনভেনর কবিতা শ্রীবাস্তব, ভারতের খাদ্য অধিকারবিষয়ক সুপ্রিম কোর্ট কমিশনের প্রিন্সিপাল অ্যাডভাইজার বিরাজ পটনায়েক, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের দিল্লি পলিসি গ্রুপের অধ্যাপক ড. অমিতাভ কুন্ডু।