উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ত্বকী মঞ্চের অনশন
উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। তবে শেষ পর্যন্ত নির্বিঘ্নে হয়ে গেল সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের প্রতীক অনশন। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১ মাস পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার শহরের চাষাঢ়ায় প্রধান শহীদ মিনারে প্রতীক অনশন কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছিল। কিন্তু একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ শামীম ওসমানের সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল।
নারায়ণগঞ্জে নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী গত বছরের ৬ মার্চ নিখোঁজ হয়। ৮ মার্চ শহরের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকীর খুনিদের শাস্তির দাবিতে গড়ে ওঠে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। হত্যাকাণ্ডের পর থেকে রফিউর রাব্বি খুনের জন্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সদস্য ও তাঁদের সহযোগীদের দায়ী করে আসছেন।
গতকাল নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টার দুই ঘণ্টা আগে শহীদ মিনারে অবস্থান নেয় ত্বকী মঞ্চ। পরে সকাল নয়টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শহীদ মিনারে আসেন। এ সময় ছাত্রলীগের উদ্যোগে সেখানে কিছু চেয়ার নিয়ে আসা হয়। তবে এর কিছুক্ষণ পর ছাত্রলীগ শহীদ মিনার ছেড়ে আশপাশে অবস্থান নেয়। এর পরও ত্বকী মঞ্চের অনশন চলাকালে পুরো সময় ধরে সেখানে উত্তেজনা ছিল।
অনশন শেষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘আমরা প্রায় এক মাস আগে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। শহীদ মিনার ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে অনুমতি নেওয়ার পর র্যাব ও পুলিশকে কর্মসূচি সম্পর্কে অবহিত করেছি। তবু আমাদের কর্মসূচি পণ্ড করতে শামীম ওসমানের লোকজন পাল্টা সমাবেশ ডেকে আমাদের কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা করেছিল।’
অনশন চলাকালে আরও বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, ত্বকীর চাচা কবি ওয়াহিদ রেজা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
সবশেষে ত্বকীর মা রওনক রেহানা পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
জেলা ছাত্রলীগের সভাপতি শাফায়াত আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা আগে জানতাম না যে, শহীদ মিনারে ত্বকী মঞ্চের কর্মসূচি আছে। তাই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।’