
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেছেন, দেশের খ্রিষ্টান সম্প্রদায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছে। ঢাকার বাইরে দুজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঢাকার বিভিন্ন চার্চের সাতজন পালক পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের খ্রিষ্টান ধর্মযাজক হত্যার চেষ্টা এবং প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অ্যাসোসিয়েশন। আয়োজকেরা বলেন, এ ধরনের হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করলে এমন ঘটনা বাড়তেই থাকবে।
কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, ১৮ নভেম্বর সকালে দিনাজপুরের মির্জাপুরে বিআরটিসি বাস ডিপোর সামনে ইতালীয় ধর্মযাজক ও চিকিৎসক ফাদার পিয়েরো পিচমকে গুলি করে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। ৫ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে আরেক যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। সম্প্রতি ঢাকার বিভিন্ন চার্চের কমপক্ষে সাতজন পালক পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দেশে দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এ ছাড়া ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এই কর্মসূচি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। এসব ঘটনা হালকাভাবে দেখার সুযোগ নেই। এগুলো পরিকল্পিতভাবেই ঘটানো হচ্ছে। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য বাসুদেব ধর বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না করলে এমন ঘটনা বাড়তেই থাকবে।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট মার্কুশ গমেজ, দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা, ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি প্রতাপ গমেজ উপস্থিত ছিলেন।