বাংলাদেশের ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে রাজনৈতিক সংকটের সুরাহা না হওয়া, নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত করা, বিচারবহির্ভূত হত্যা ও গুম অব্যাহত থাকা এবং শ্রমমানের উন্নয়নের অঙ্গীকার পূরণে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। আর এ বিষয়গুলো সুরাহার মাধ্যমে একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।
গত মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এ অভিমত দেন। এদিন সকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তাঁদের এ বৈঠকটি হয়। বৈঠকটি ছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক উপদেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার ব্যুরো এবং বাণিজ্য ও শ্রম দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন পররাষ্ট্রসচিব।
ওয়াশিংটন থেকে সূত্রে জানা গেছে, বাংলাদেশে নাগরিক সমাজের কাজের জন্য অবাধ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন নিশা দেশাই। সামাজিক পরিবর্তনে এর গুরুত্বের বিষয়টি তিনি বৈঠকে উল্লেখ করেন। এ সময় পররাষ্ট্রসচিব তাঁকে জানান, বাংলাদেশের বর্তমান নেতৃত্ব ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় বিশ্বাসী। এর পাশাপাশি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের জন্য প্রয়োজনীয় কাজের পরিবেশ সৃষ্টিতে সরকার আন্তরিক।
জানা গেছে, গণতান্ত্রিক সংস্কৃতিতে রাজনৈতিক সহিংসতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি আলোচনায় ফের তুলে ধরেন নিশা দেশাই। মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তা বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনা অব্যাহত থাকার খবরে উদ্বেগ জানান।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বুধবার সকালে ওয়াশিংটন থেকে প্রথম আলোকে বলেন, নিশা দেশাইয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গণতন্ত্র, সুশাসন, শ্রমমান উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্রসচিব এ প্রতিবেদককে জানান, আলোচনার একপর্যায়ে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডরের বিষয়ে জানতে চান। এ উদ্যোগে বাংলাদেশের নেতৃত্বদানের প্রশংসা করেন নিশা দেশাই।
এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের পেজে বলা হয়েছে, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত গত মঙ্গলবারের বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনীতি ও শ্রমমান নিয়ে নিশা দেশাই বিসওয়াল ও শহীদুল হক আলোচনা করেছেন। গত সপ্তাহে মার্কিন সিনেটে শুনানিতে অংশ নেওয়ার পর তাঁদের বৈঠকটি হয়েছে। শুনানিতে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের উদ্বেগের বিষয়গুলোর পাশাপাশি সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন নিশা দেশাই।
জিএসপি ও শ্রমমান: মার্কিন বাণিজ্য ও শ্রম দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিবের বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। বৈঠকে পররাষ্ট্রসচিব পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন। জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো উল্লেখ করা হয়। পাশাপাশি শ্রমমানের উন্নয়নে অবশিষ্ট শর্ত পূরণে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি।
ওয়াশিংটনের কূটনীতিক সূত্রে জানা গেছে, জিএসপির সঙ্গে মার্কিন সরকারের বেশ কটি বিভাগ সংশ্লিষ্ট। তাই যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জিএসপি পুনর্বহালের বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো আশার ইঙ্গিত দেননি।
টিকফা ও অন্যান্য: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় কাউন্সিলের প্রথম বৈঠক আগামী ৭ ও ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ। আর দুই দেশের তৃতীয় অংশীদারি সংলাপ জুনের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে। এদিকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার জন্য দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অতুল কেসাপ আগামী সপ্তাহে ঢাকায় আসছেন।