উদ্বেগ নেই, আছে সতর্কতা
বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ডের পর এই মুহূর্তে উদ্বেগ নেই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রান্সের রাষ্ট্রদূত। তবে সব পরিস্থিতির ব্যাপারে এখন বেশ সতর্ক অবস্থায় রয়েছেন বলে তাঁরা জানান।
আজ মঙ্গলবার দুপুরে গুলশানের একটি হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ে এক কর্মশালা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইইউ ও ফ্রান্সের রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই। তবে সব পরিস্থিতির ব্যাপারে তাঁরা সতর্ক আছেন। বাংলাদেশ সরকার যে তদন্ত করছে, এ ব্যাপারে তাঁরা সন্তুষ্ট। তিনি বলেন, কিছুদিন আগের পরিস্থিতির কারণে ঢাকার বাইরের প্রকল্প (প্রজেক্ট) বন্ধ ছিল। এখন আস্তে আস্তে ঢাকার বাইরের সব প্রকল্প চালু করবেন তাঁরা।
ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট বলেন, এ মুহূর্তে উদ্বেগের কিছু নেই। তবে তাঁরা সতর্ক আছেন। কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বাংলাদেশ সরকারের ওপর তাঁরা বেশ সন্তুষ্ট। এ কারণে সরকারকে ধন্যবাদও জানান তিনি।