জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) ও লেখকদের সংগঠন পেন আমেরিকা।
জাতিসংঘ বাংলাদেশের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, তিন বছর আগে এ ধরনের প্রথম হত্যাকাণ্ডের পরই জাতিসংঘ উদ্বেগ জানিয়েছিল। গতকালের এই হত্যাকাণ্ড স্পষ্টতই ধারাবাহিক হত্যাকাণ্ডেরই অংশ, যা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ভিত্তিকে ক্রমাগতভাবে দুর্বল করছে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বিবৃতিতে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার প্রয়োজনীয়তার ব্যাপারে জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের নির্ভয়ে ও স্বাধীনভাবে মত প্রকাশের বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে সব ধরনের প্রচেষ্টাকে ইইউ সমর্থন করে।
এ ধরনের একের পর এক হত্যার ঘটনাকে স্বাধীন মত প্রকাশের ওপর নির্বিচার আঘাত হিসেবে উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এ হত্যার ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় যে মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে।
নাজিম উদ্দিন হত্যাকাণ্ডকে বাংলাদেশ সরকারের ধারাবাহিক ব্যর্থতা উল্লেখ করে পেন আমেরিকার বিবৃতিতে বলা হয়েছে, মুক্তচিন্তার মানুষ যে ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে, এ ঘটনা সেটাই নির্দেশ করে।
আর নিউইয়র্কভিত্তিক সিপিজের বিবৃতিতে নাজিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্য শনাক্ত করে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।