বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার ৩৩ দিন পর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল জাতীয় মানবাধিকার কমিশন।
গতকাল রোববার জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এম এ সালাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নিখোঁজ হওয়ার দীর্ঘদিন পরও সালাহ উদ্দিনের সন্ধান না মেলায় তাঁর পরিবার উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। কমিশন তাঁর খোঁজ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, কমিশন মনে করে, দেশের সব নাগরিকের নিরাপত্তা, চলাফেরায় স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।
এদিকে সালাহ উদ্দিন আহমদের সন্ধানে গঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিটি গত শনিবার তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছে।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ বলেন, পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনারের কার্যালয়ে তাঁকে ডেকে নেওয়া হয়। উপকমিশনার ইকবাল হোসেনের উপস্থিতিতে সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়ার বিষয়ে বিস্তারিত বক্তব্য নেন। তাঁর এই বক্তব্য কর্মকর্তারা কম্পিউটারে টাইপ করে নেন।