উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর হলফনামায় দেওয়া তথ্যে মন্ত্রী-সাংসদদের অনেকে গত পাঁচ বছরে অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার সংবাদে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এই উদ্বেগ জানায়। বিবৃতিতে নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার দোহাই দিয়ে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ না করার সিদ্ধান্তেও টিআইবি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। টিআইবি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে দুদকের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এই ব্যাপক সম্পদের আহরণ যদি জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানের ২০(২) ধারা অনুযায়ী অসাংবিধানিক।’ তিনি বলেন, এ বিষয়ে দুদকের ঔদাসীন্য হতাশাজনক।
‘সরকারের বি টিম’-এর ভূমিকা পালন না করে দুদক কমিশনারদের সততা ও সাহসের সঙ্গে প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান ইফতেখারুজ্জামান। টিআইবি মনে করে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে না পারলে সম্পদের হিসাব প্রকাশের বাধ্যবাধকতার যে বিধান করা হয়েছে, তা অর্থহীন হবে। বিজ্ঞপ্তি।