রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তি। গতকাল রোববার এক বিবৃতিতে তাঁরা বলেন, সারা দেশের বিজ্ঞানী, পরিবেশকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রিয় বনটিকে রক্ষার অনুরোধ ও দাবি উপেক্ষা করে পরিবেশবিধ্বংসী এই সরকারি কার্যক্রম অত্যন্ত বেদনাদায়ক ও আশঙ্কাজনক। এর মধ্য দিয়ে বিশ্বের একমাত্র ও বিশেষ বিরল প্রকৃতির এই জলাবনের পাশে বৃহৎ আকৃতির এবং বিশাল জীববৈচিত্র্য বিনষ্টকারী মারাত্মক ক্ষতিকর একটি প্রক্রিয়ারই উদ্বোধন করা হলো।
বিবৃতিতে তাঁরা বলেন, সুন্দরবন জাতিসংঘ নির্ধারিত বিশ্ব ঐতিহ্য ও রামসার সাইট তালিকাভুক্ত একটি বিশেষ স্থান। এই বন আমাদের মূল্যবান জাতীয় সম্পদ। বনের প্রাকৃতিক সম্পদের ওপর কয়েক কোটি মানুষ জীবিকা নির্বাহ করছে।
বিবৃতিতে বলা হয়, এই বিদ্যুৎকেন্দ্র করতে গিয়ে বাংলাদেশ ও ভারতকে তাদের নিজস্ব ও উভয় দেশের বেশ কিছু আইন ও নীতি এবং আন্তর্জাতিক ঘোষণা ভাঙতে বা উপেক্ষা করতে হচ্ছে। নিজের দেশের প্রকৃতিকে অক্ষত রেখে সুন্দরবনের পাশে এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের কাজ শুরুর মধ্য দিয়ে ভারত একটি দ্বিমুখী রাষ্ট্রীয় আচরণের উদাহরণ সৃষ্টি করছে। বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত বন্ধ করার দাবি করেন বিবৃতিদাতারা।
বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, এম হাফিজউদ্দিন খান, বদিউল আলম মজুমদার, সুলতানা কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ইফতেখারুজ্জামান, ফারাহ কবির, এ্যারোমা দত্ত, খুশী কবির, সৈয়দা রিজওয়ানা হাসান, এম এ মতিন, মো. আবু নাসের। বিজ্ঞপ্তি।