দেশে ক্ষীণদৃষ্টি মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সাধারণ মানুষের দৃষ্টির বা চোখের সমস্যা মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আছে। ব্র্যাকের মতো কিছু প্রতিষ্ঠান সেই ভূমিকা পালনও করছে।
গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘১০ লাখ চশমা: উজ্জ্বল হউক দৃষ্টি’ শীর্ষক এক অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। ব্র্যাক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিশনস্প্রিং যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বলা হয়, ব্র্যাক ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬১টি জেলায় ৪৬ লাখ ৮৭ হাজার ৬৩৯ জনের চোখ পরীক্ষা করেছে। এর মধ্যে ৩০ লাখ ৭৬ হাজার ৭৮০ জনের চোখের সমস্যা বা ক্ষীণদৃষ্টি চিহ্নিত হয়েছে। অর্থাৎ ৬৬ শতাংশই ক্ষীণ দৃষ্টিসম্পন্ন। ব্র্যাক এসব মানুষের মধ্যে ১০ লাখ ৪৮ হাজার ৭৭৭ জনকে মানসম্পন্ন চশমা দিয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন বলেন, অন্ধত্ব মোকাবিলায় অনেক সময় ইচ্ছা থাকলেও সরকারের পক্ষে হাওর ও বিভিন্ন চরাঞ্চলে কাজ করা সম্ভব হয় না। ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করে বলে গরিব মানুষকে সেবা দেওয়া সহজতর হয়েছে।
চোখের সেবায় ব্র্যাকের ৩২ হাজার ৯১৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য সেবিকা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁদের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ২৪ জনকে বিশেষভাবে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা। বক্তব্য রাখেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমদ মোশ্তাক রাজা চৌধুরী, ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা প্রমুখ।