উদ্বেগের মধ্যে আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার এমন সময়ে পরীক্ষা হচ্ছে, যখন সারা দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটছে।এ কারণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ করা যাবে কি না, তা নিয়ে শিক্ষা প্রশাসনও চিন্তিত।সময়সূচি অনুযায়ী আজ শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে ২৮ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা। এবার আটটি সাধারণ বোর্ডের অধীন এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও ডিআইবিএস মিলিয়ে মোট পরীক্ষার্থী ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন। এদের মধ্যে ছাত্র পাঁচ লাখ ৩৫ হাজার ৬৬২ এবং ছাত্রী চার লাখ ৭৬ হাজার ৯১৯। গতবারের চেয়ে এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন। গতবার পরীক্ষার্থী ছিল নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন।মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু আট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থী আট লাখ ২৩ হাজার ২৪১ জন। সারা দেশে দুই হাজার ২৮৮টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। বিদেশের পাঁচটি কেন্দ্রেও পরীক্ষা হবে। এবার সাত বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে।এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব উঠেছে। এর আগে গত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ উঠেছিল।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ পাননি। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ঝরে গেছে প্রায় দুই লাখ: শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ১০ বোর্ডে ২০১১-১২ শিক্ষাবর্ষে নিবন্ধন করেছিল ১০ লাখ ২৯ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছে আট লাখ ৩৬ হাজার ৯০৩ জন। বাকি এক লাখ ৯২ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী দুই বছর আগে নিবন্ধন করলেও পরীক্ষা দিচ্ছে না। অর্থাৎ, প্রায় দুই লাখ শিক্ষার্থী ঝরে গেছে।কুমিল্লায় আজকের হরতাল প্রত্যাহার: কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, এইচএসসি পরীক্ষা থাকায় কুমিল্লায় জামায়াতে ইসলামীর ডাকা আজ সোমবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। বিকেলে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘নাগরিক সমাজের চাপ ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হরতাল প্রত্যাহার করা হয়েছে।’মহানগর জামায়াতের নেতা আমিনুল হকসহ জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল আহ্বান করেছিল জামায়াত। এদিকে পরীক্ষার সময় হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি এই দাবি জানায়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা নুর মোহাম্মদ তালুকদার, এম এ বারী প্রমুখ।