উদ্বেগ-উৎকণ্ঠায় বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় নাশকতার আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে বর্ষবরণ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার বর্ষবরণ অনুষ্ঠানে র্যাব-পুলিশের পাশাপাশি শহরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকছে। এ ছাড়া গতকাল সোমবার জেলা পুলিশের সংবাদ সম্মেলন থেকেও সন্ধ্যার আগেই বর্ষবরণের উৎসব শেষ করতে বলা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবারও বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী উৎসবের আয়োজন করেছে। বগুড়া থিয়েটারের আয়োজনে এবারও শহরের এডওয়ার্ড পার্কে বসছে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা।
জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, সকাল সাড়ে সাতটায় উডবার্ণ পার্কে বৈশাখী উৎসব শুরু হবে। সকাল আটটায় জিলা স্কুল মাঠ থেকে বের হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
প্রতিবছরের মতো এবারও বর্ষবরণে প্রথম আলো-বগুড়া বন্ধুসভা শেরপুর সড়কের প্রথম আলোর বগুড়া কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করবে।
পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর পরই এবার বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় অন্যবারের চেয়ে বেশি সতর্কতা নেওয়া হচ্ছে। নাশকতা ঠেকাতে এবারই প্রথম বৈশাখী উৎসব ঘিরে চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে। এ ছাড়া কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ শহরে টহল দেবে। উৎসবস্থলে র্যাব-পুলিশের তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকবে। এ ছাড়া থাকবে সাদা পোশাক পুলিশের নজরদারি। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিনের আলোর মধ্যেই বৈশাখী অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা সাতটার মধ্যে আয়োজকদের অনুষ্ঠান শেষ করতে হবে।
তবে বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ বলেন, কোনো ধর্মান্ধগোষ্ঠী বা জঙ্গিবাদী চেতনায় বিশ্বাসী কোনো অশুভ শক্তির ভয়ে বাঙালির বর্ষবরণ উৎসব পালনে সময় বেঁধে দিয়ে কার্যত ওই অশুভ শক্তির কাছেই মাথা নত করা হলো। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। অন্যবারের চেয়ে এবার নাশকতা ও হামলার আশঙ্কা যদি বেশি থেকেই থাকে, তবে সাহস দিয়েই তা রুখতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। উৎসবের সময়সীমা বেঁধে দেওয়ার মধ্য দিয়ে কার্যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায়ত্বই প্রকাশ পেয়েছে।
বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক বলেন, ‘বৈশাখী উৎসবের মতো একটি সর্বজনীন উৎসবের দিনেও রাজনৈতিক দল বা গোষ্ঠীর তথাকথিত অবরোধ প্রত্যাহার না করাটা অত্যন্ত দুঃখজনক। আর সেই অবরোধের অজুহাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ধ্যার আগেই উৎসব শেষ করার যে নির্দেশ জারি করেছে, সেটাও মান্য করা মুক্ত চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীদের পক্ষে অত্যন্ত কঠিন। নাশকতা বা হামলার আশঙ্কা আমরাও উড়িয়ে দিচ্ছি না।’