উদ্বেলিত সারা দেশ

সারা দেশে হরতাল-অবরোধ, গাড়ি পোড়ানো, পেট্রলবোমার আতঙ্কে বাসে উঠতে ভয় পাচ্ছে মানুষ। ‘বন্দুকযুদ্ধে’ও প্রাণ হারাচ্ছে অনেকে। জানুয়ারি মাসের প্রথম দিকের পর থেকে এ নিয়ে পুরো দেশে এক গুমোট পরিবেশ। ভয় আর আতঙ্কের মধ্যে পুরো দেশকে আজ সোমবার এক জায়গায় আনলেন মাশরাফি বাহিনী।
ইংল্যান্ডের বিপক্ষে খেলার শেষের দিকে ৪৮ ওভারে তাসকিনের বলে তামিমের ক্যাচ মিসে কিছু হতাশা হয়তো ছড়িয়ে পড়েছিল খেলোয়াড় ও সমর্থকদের মাঝে। বল হাতে রুবেল আসার পর হতাশা কিছুটা থাকলেও ছিল আশাও, হবে হয়তো। কিন্তু ইংল্যান্ডের শেষ দুই উইকেট নিয়ে রুবেল সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি ক্রিকেট সমর্থকদের আন্দোলনে ভাসালেন। সঙ্গে সঙ্গে আনন্দে উদ্বেলিত হলো পুরো দেশ। এ জয়ের ফলে গুমোট অবস্থা থেকে বেরিয়ে পতাকা হাতে মানুষ নেমে পড়ল রাস্তায়, পুরো সন্ধ্যা চলল মিছিল। কারও হাতে বাঁশি, ঢোল ও লাল-সবুজের পতাকা, বাংলাদেশ, বাংলাদেশ ধ্বনিতে মুখরিত প্রায় পুরো দেশ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর
রুবেলের বলে অ্যান্ডারসনের স্টাম্প ছিন্নভিন্ন, মুহূর্তেই আনন্দে আত্মহারা দেশের প্রতিটি মানুষ। সঙ্গে সঙ্গেই মিছিলের স্লোগানে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত ফরিদপুরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলো। বাদ্যদলের তালে তালে নেচেগেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে।
বাদ্যযন্ত্র ছাড়াও হাতের কাছে শব্দ করার জন্য ঘটি, বাটি, গামলা যা কিছু সামনে ছিল, সেগুলো নিয়ে রাস্তায় নেমে পড়ে আনন্দে উদ্বেলিত জনতা। সবার চোখে উচ্ছ্বাস। মুখে একটিই ধ্বনি, ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনন্দ মিছিল হয়েছে। ইংল্যান্ডকে পরাজিত করার সঙ্গে সঙ্গে লাল-সবুজের পতাকা হাতে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কসবা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আতশবাজির শব্দে কম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
সাতক্ষীরা
ইংল্যান্ডকে হারানোর আনন্দে সাতক্ষীরায় বিভিন্ন সংগঠন মিছিল বের করে। নাচগানের সঙ্গে ক্রিকেটপ্রেমীরা একে অপরকে মিষ্টি খাওয়াতে থাকে। নাচগান আর ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিয়ে মিছিল করতে থাকে রাস্তায় রাস্তায়। বাজি ফুটিয়ে উল্লাস করে তরুণেরা।
নেত্রকোনা
আনন্দের ঢেউ লেগেছে নেত্রকোনা শহরেও। জয়ের আনন্দে শহরে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীদের ‘শাবাশ বাংলাদেশ’ স্লোগানে স্লোগানে জেলা শহর প্রকম্পিত হয়ে ওঠে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে নেচেগেয়ে আনন্দ-উল্লাস করে।
নোয়াখালী
ইংল্যান্ডকে পরাজিত করায় সারা দেশের মতো নোয়াখালীতেও উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। বিকেলে ইংল্যান্ডের শেষ উইকেটের পতনের পর টিভি সেটের সামনে দর্শকদের আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা যায়। খেলা শেষে মুহূর্তের মধ্যে দর্শকেরা জাতীয় পতাকা ও ক্রিকেট ব্যাট, স্টাম্প নিয়ে আনন্দ মিছিল নিয়ে বের হয় শহরের প্রধান সড়কে।
একই সময় ক্রিকেটভক্ত একদল তরুণ মোটরসাইকেল ও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে।
কিশোরগঞ্জ
ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর কিশোরগঞ্জের ভৈরবে আনন্দ মিছিল হয়েছে। ১৫ রানে বিজয়ী হওয়ার সঙ্গে সঙ্গে পৌর এলাকার বাজার, ভৈরবপুর, চণ্ডিবের ও কমলপুর এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। তরুণদের পাশাপাশি মিছিলে শিশু-কিশোরেরাও অংশ নেয়। এ সময় তাদের মুখে স্লোগান ছিল ‘বাংলাদেশ-বাংলাদেশ’।
ময়মনসিংহ ‘বাংলাদেশ’ আর ‘রিয়াদ’ স্লোগানে মুখর
ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ রিয়াদ। অ্যাডিলেডে আজ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে করেছেন শতরান।
মাহমুদউল্লাহর প্রথম শতকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর শহর ‘বাংলাদেশ’ আর ‘রিয়াদ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে। এলাকার নারী-পুরুষনির্বিশেষে নানা বয়সী মানুষ খণ্ড খণ্ড বিজয় মিছিল নিয়ে মাহমুদউল্লাহর বাড়ির সামনে ভিড় করে। তারা ঢোল-তবলা বাজিয়ে ‘বাংলাদেশ’ আর ‘রিয়াদ রিয়াদ’ স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এ সময় রিয়াদের বাবা মো. উবায়দুল্লাহ এই প্রতিবেদককে দেখে জড়িয়ে ধরেন। বাঁধভাঙা আবেগে কথা বলতে পারছিলেন না প্রথম কয়েক মিনিট। একটু ধাতস্থ হয়ে বললেন, ‘কী আর বলব, সবাই দেখল বাংলাদেশের অসাধারণ এক জয়। বাবা হিসেবে ছেলের শতরান আর বাংলাদেশের বীরত্বগাথার দিনে আমি সত্যিই অভিভূত। ’
উন্মাদনায় ভাসছে মুশফিকের বগুড়া
বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাস আর উন্মাদনায় ভাসছে মুশফিকুর রহিমের শহর বগুড়া। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের হাজারও সমর্থক লাল-সবুজের জাতীয় পতাকা উড়িয়ে পাড়া-মহল্লা থেকে দলে দলে রাস্তায় নেমে আসে। বের হয় মোটরসাইকেলের শোভাযাত্রা, সঙ্গে চলে পটকা ও আতশবাজি। গন্তব্য শহরের সাতমাথা। ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। চলমান হরতালে রাজনৈতিক ভেদাভেদ ভুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে ওঠে ‘এগিয়ে চলো বাংলাদেশ’। সমর্থকেরা নেচেগেয়ে উন্মাদনা প্রকাশ করে বিকেল থেকে রাত অবধি। চলে মিষ্টি বিতরণ। মুশফিক বাহিনীর অভূতপূর্ণ সাফল্যে রীতিমতো উত্তেজিত মুশফিকুর রহিমের পরিবার ও নিজ ক্লাব বগুড়ার মাটিডালি ক্রীড়াচক্রের সদস্যরাও।
মির্জাপুর, টাঙ্গাইল
আনন্দ মিছিল হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরেও। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-যুবকেরা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে উল্লাসে ফেটে পড়ে। তারা মিছিলসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তারা মিছিলে ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে শহর মাতিয়ে তোলে।
শেরপুর
ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয় এবং বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় সন্ধ্যায় শেরপুরে বিজয় মিছিল হয়েছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লার শিশু ও যুবকেরা জাতীয় পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে। এ সময় তারা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান দেয় আর খেলোয়াড়দের অভিনন্দন জানায়। সন্ধ্যায় আনন্দ আর উল্লাসের অংশ হিসেবে ক্রিকেটভক্তরা পটকা ও আতশবাজি পোড়ায়।
মাশরাফির নড়াইলে মিষ্টি বিতরণ
ইংল্যান্ডকে পরাজিত করায় দলের ‘নেতা’ মাশরাফির নড়াইলে আনন্দ মিছিল বের হয়। সঙ্গে চলে মিষ্টি বিতরণ। শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে চৌরাস্তা মোড়ে এসে জড়ো হয়। শিশু-কিশোর, নারী-পুরুষ এমনকি বয়োবৃদ্ধরাও মিছিলে অংশ নেন। একপর্যায়ে মিছিলের পরিধি বিশাল আকার ধারণ করে। মিছিলের স্লোগান ছিল, ‘মাশরাফি, মাশরাফি; বাংলাদেশ, বাংলাদেশ। ’ শহরে মোটরসাইকেল শোভাযাত্রাও বের করা হয়। মাশরাফির মা হামিদা মোর্তজার খুশি যেন আর ধরে না। ছেলের নেতৃত্বে ইংল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ শেষ আটে যাওয়ায় দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন-বগুড়া প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি; শেরপুর প্রতিনিধি; নড়াইল প্রতিনিধি; কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি; কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ময়মনসিংহ অফিস; ফরিদপুর অফিস, নোয়াখালী অফিস; নিজস্ব প্রতিবেদক, ভৈরব এবং নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।)