বিশেষজ্ঞ চিকিৎসকের বিনা মূল্যে ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) মধ্য দিয়ে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার কাজী টাওয়ারে একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধনের আয়োজন করা হয়েছে। ‘হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ নামের বেসরকারি হাসপাতালটি উদ্বোধন হবে ২৩ জানুয়ারি। এ দিন থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের বিনা মূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হবে।
গতকাল শুক্রবার হাসপাতালের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বমানের চিকিৎসাসেবার সুবিধা নিয়ে আল হারামাইন হাসপাতাল স্থাপন করেছেন বিশ্বব্যাপী পারফিউম ব্র্যান্ড ‘আল হারামাইন পারফিউমস গ্রুপ’-এর কর্ণধার ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান।
হাসপাতালে রোগনির্ণয়কেন্দ্র ও বহির্বিভাগে ২৩ থেকে ৩০ জানুয়ারি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ নিতে হটলাইন (টেলিফোন নম্বর ০৮২১-৭২৯৯৮১-৯) গতকাল থেকে খোলা হয়েছে।