উদ্বোধনী অনুষ্ঠানে ফারাজ-স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদ একাংশের কার্যকরী সভাপতি সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেছেন, ‘বোয়ালখালীর মানুষ ফারাজ নামের একজন বীরকে সম্মান দিয়েছে। যে মৃত্যুকে নিশ্চিত জেনেও বন্ধুকে ফেলে যায়নি। বোয়ালখালীর একটি কলেজের চত্বরের নাম দেওয়া হয়েছে ফারাজ চত্বর।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ফারাজ চত্বরে ‘হাজি আবুল কালাম ভোলা স্মৃতি অলিম্পিক টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় গোমদণ্ডী একাদশ ক্লাব এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার ৩৬টি দল অংশ নিয়েছে। রাত্রিকালীন এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে আগামী ১৪ জানুয়ারি।
অনুষ্ঠানে মইন উদ্দীন খান বাদল আরও বলেন, যে জাতি যত বেশি খেলাধুলায় জড়িত থাকবে, সে জাতি তত বেশি সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। পরে তিনি ফারাজকে স্মরণ করে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় পটিয়া ফুটবল একাদশ বনাম বোয়ালখালী আজিম স্পোর্টিং ক্লাব।
গোমদণ্ডী একাদশ ক্লাবের আজীবন সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম ও সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ।