উদ্বোধনী খেলায় রাজশাহীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গতকাল শনিবার রাজশাহী ফুটবল কল্যাণ সমিতি ৩-১ গোলে ঈশ্বরদীর পিজিসিবি শ্রমিক কর্মচারী চিত্ত বিনোদন ক্লাবকে পরাজিত করেছে। রাজশাহীর পক্ষে পলাশ দুটি ও মাহমুদ একটি এবং রাজশাহীর হাবিব আত্মঘাতী একটি গোল করেন।
পঞ্চগড়ের সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গতকাল বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। আজ রোববার ঝিনাইদহ জেলা একাদশ গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির মুখোমুখি হবে।
জেলা প্রশাসকের উদ্যোগে ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আবুল কালাম আজাদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সারা দেশের ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে রাজশাহী ফুটবল কল্যাণ সমিতি, ঈশ্বরদীর পিজিসিবি শ্রমিক কর্মচারী চিত্ত বিনোদন ক্লাব, ঝিনাইদহ জেলা একাদশ, গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি, বগুড়া জেলা একাদশ, আজিম স্পোর্টস নওগাঁ, সিরাজগঞ্জের মাসুমপুর ক্রীড়া চক্র, খেলোয়াড় কল্যাণ সমিতি নাটোর, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর, কুষ্টিয়া জেলা দল, সৈয়দপুর ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব, জয়পুরহাট জেলা একাদশ, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা, স্যান্টোস ক্লাব রংপুর ও পঞ্চগড় পৌরসভা দল।