উদ্বোধনী দিনেই পাঠকের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধন শেষ হওয়ার পরই দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় পাঠকদের জন্য। শুরুর দিনই পাঠকের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে বই উৎসবস্থল। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের দোতলায় পক্ষকালব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পণ্ডিত রামকানাই দাশ।
সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’ এ বই উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানের উদ্বোধক রামকানাই দাশ বলেন, পাঠ্যবইয়ের বাইরেও বইয়ের বিশাল একটা জগৎ রয়েছে। প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানদের সে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। একমাত্র বই-ই পারে রেষারেষি, অন্যায়, দুর্নীতি ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে।
‘ঈদের আনন্দে যুক্ত হোক বইপড়ার আনন্দ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শিশু সাহিত্যিক তুষার কর, বইপত্রের স্বত্বাধিকারী সেলিমা সুলতানা, আইনজীবী মঈনুদ্দিন আহমদ জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, প্রভাষক নুসরাত জাহান, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, কবি মালেকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসব শেষ হবে ২৫ জুলাই।