ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হিসেবে পরিচিত ‘পোস্তগোলা-চাষাঢ়া সড়কের সংস্কারকাজের উদ্বোধনী অনুষ্ঠানের এক মাসের বেশি সময় পার হয়েছে। এরপরও গতকাল শনিবার পর্যন্ত সংস্কারকাজ শুরুই হয়নি।
চাষাঢ়া প্রান্ত থেকে পাগলা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের বেশির ভাগ এখন ভাঙা। রাস্তার পাথর, ইট, খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ স্কুল, চাইল্ড ল্যাবরেটরি স্কুলসহ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কেয়ার জেনারেল হাসপাতাল, ১০টি ক্লিনিক এবং শতাধিক কোচিং সেন্টার রয়েছে এই সড়কের দুই পাশে। এ ছাড়া প্রতিদিন কয়েক লাখ মানুষ এই পথে যাতায়াত করে। শুকনা মৌসুমে ওড়ে ধুলা। নিত্যদিনের যাত্রী আর পথচারীদের তাই পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। রাস্তার দুই পাশে কোনো ফুটপাত নেই। পথচারীদের রাস্তার পাশ দিয়েই চলাচল করতে হয়। যানবাহনের ধুলাবালুতে তাদের হতে হয় নাকাল। সড়কের উভয় পাশে অবস্থিত বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দারাও চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আফরীন প্রথম আলোকে বলে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ধুলার জ্বালায় তারা অতিষ্ঠ। নাখ-মুখ দিয়ে ভুরভুর করে ঢোকে ধুলা। এতে তাদের অনেক ছাত্রীই নানা অসুখে আক্রান্ত হচ্ছে।
গত বছরের ১৩ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান সড়কটির চাষাঢ়া প্রান্তে ফলক উন্মোচন করে সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সওজের একটি ভেকু (মাটি কাটার জন্য বিশেষ যন্ত্র) ও একটি এক্সকাভেটর এনে রাখা হয় অনুষ্ঠানস্থলে সড়কের পাশে। কিন্তু এইটুকুই। গতকাল শনিবার পর্যন্ত সংস্কারকাজ শুরু করা হয়নি।
১৯৯৭ সালে আট কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড চালু হওয়ার আগ পর্যন্ত নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ঢাকার পোস্তগোলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কটি ছিল ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ শহরের যোগাযোগের প্রধান সড়ক। এটি এখন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হিসেবে পরিচিত। শুধু ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগই নয়, মুন্সিগঞ্জ শহর, মুক্তারপুর শিল্প এলাকা, ফতুল্লা পঞ্চবটীর বিসিক শিল্পনগর, ফতুল্লা শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার রপ্তানিমুখী পণ্য ও কাঁচামাল এই সড়ক দিয়েই চট্টগ্রাম বন্দরে আনা-নেওয়া হয়। কাভার্ড ভ্যান, কনটেইনার মুভারসহ ভারী যানবাহন থেকে শুরু করে রিকশা পর্যন্ত চলাচল করে এই সড়কে।
সওজের ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সংস্কারকাজ শিগগিরই শুরু করা হবে।