উদ্বোধনের আগ মুহূর্তে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কাজ শুরুর ২৩ বছর পর ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেডিয়ামটি উদ্বোধনের কথা রয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ১৯৯১ সালে বিএনপির সরকারের আমলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম নির্মাণের জন্য প্রথম দফায় দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ধীরগতি ও নানা অনিয়মের কারণে কাজ অনেক দিন বন্ধ থাকে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের পর দ্বিতীয় দরপত্র আহ্বান করে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৭ কোটি টাকার কাজটি পায় মেঘনা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া।
কিন্তু কাজের শুরু থেকেই মাটিভরাটে অনিয়ম, মানসম্পন্ন সামগ্রী ব্যবহার না করা, ধীরগতিসহ নানা অভিযোগ এনে স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেয়। ২০১২ সালের ১৩ নভেম্বর কাজ পরিদর্শন করতে এসে অসন্তোষ প্রকাশ করেন তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ বিষয়ে ওই বছরের ২২ নভেম্বর প্রথম আলোয় ‘১০ লাখ টাকার কাজ করে কোটি টাকা উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
১২ নভেম্বর নির্মাণকাজ দেখতে যান হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ আবু জাহির। তিনিও কাজের মান দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি জানান, স্টেডিয়ামের মূল ফটকের দেয়ালে এখনই বেশ কয়েকটি বড় ফাটল দেখা দিয়েছে। গ্যালারি নির্মাণে যথেষ্ট ত্রুটি আছে। পাশাপাশি মাঠে চার ফুট মাটি কম ফেলা হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, স্টেডিয়ামের সংযোগসড়ক ও রঙের কাজ চলছে। উদ্বোধনের তারিখ নির্ধারণ হওয়ায় শ্রমিকেরা বেশ তাড়াহুড়ো করে কাজ শেষ করছেন। যেসব জায়গায় ফাটল ছিল, সেগুলোয় একটু প্রলেপ ও কয়েক দফা রং দিয়ে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। গ্যালারিতে এখনই প্রলেপ উঠে কিছু কিছু জায়গায় ফাটল তৈরি হয়েছে।
তবে ঠিকাদার শাহজাহান মিয়া জানান, তিনি নির্মাণসামগ্রী ও শ্রমিক নিয়োগ করেছেন। পুরো কাজের তদারক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন কাজ শেষে অযথা অভিযোগ এনে তাঁর সঙ্গে অন্যায় করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তা জানান, দরপত্র অনুযায়ী মাঠে চার ফুট মাটি ফেলার কথা। কিন্তু এখানে এক থেকে দেড় ফুটের বেশি মাটি ফেলা হয়নি। তিনি আরও জানান, নিয়ম ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার। সেটা এখানে অনুসরণ করা হয়নি।