উদ্বোধনের প্রায় আড়াই বছর পর বহদ্দারহাট উড়ালসড়কে একটি র্যা ম্প (কেবল গাড়ি নামতে পারবে) নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মুরাদপুর থেকে আসা গাড়ি উড়ালসড়কে ওঠার পর এই র্যা ম্প ব্যবহার করে নগরের আরাকান সড়কে যেতে পারবে। গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিডিএর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১২ অক্টোবর ১ দশমিক ৩৩৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রস্থের চার লেনের বহদ্দারহাট উড়ালসড়ক উদ্বোধন করেন। এই উড়ালসড়ক নির্মাণে ব্যয় হয়েছিল ১২০ কোটি ৫৬ লাখ টাকা। নতুন করে এখন এই র্যা ম্পটি নির্মিত হলে মুরাদপুর থেকে আসা গাড়ি উড়ালসড়ক হয়ে আরাকান সড়কে যেতে পারবে। তবে শাহ আমানত সেতু থেকে আসা গাড়ি উড়ালসড়ক হয়ে আরাকান সড়কে যেতে পারবে না।
উদ্বোধনের আড়াই বছর পর র্যা ম্প নির্মাণের বিষয়ে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট উড়ালসড়কের মূল নকশায় আরাকান সড়কমুখী একটি এক্সিট র্যা ম্প (গাড়ি নামার পথ) রাখা হয়েছিল। কিন্তু নির্মাণকাজের সময় গার্ডার ধসে হতাহতের ঘটনার পর র্যা ম্প নির্মাণের সিদ্ধান্ত বাদ দেওয়া হয়। এখন আবার তা নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ধসে পড়ে। এতে ১৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছিলেন। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে উড়ালসড়কের বাকি কাজ সম্পন্ন করা হয়।
আরাকান সড়ক থেকে উড়ালসড়কে গাড়ি ওঠার পথ কেন রাখা হয়নি, তা জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান বলেন, আর্থিক ও কৌশলগত কারণে এটি করা সম্ভব নয়। আর মূল নকশায়ও তা ছিল না। তিনি বলেন, র্যা ম্প নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। এরপর নকশা প্রণয়ন, ব্যয় নির্ধারণ ও দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে মাস খানেক সময় লাগবে।
সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের দাবি, চট্টগ্রাম নগরের জনগোষ্ঠীর একটি বড় অংশ চান্দগাঁও ও মোহরা এলাকায় বাস করে। উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার একটি অংশের লোকজন আরাকান সড়ক ব্যবহার করে নগরে আসা-যাওয়া করে। আর এই সড়কের পাশেই কালুরঘাট শিল্প এলাকা। উড়ালসড়কে র্যা ম্প দেওয়া হলে এসব এলাকার লোকজনের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে।
তবে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি ও পরিবহন বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া বলেন, বহদ্দারহাট উড়ালসড়কটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। তাই এখন এ ধরনের র্যা ম্প নির্মাণ করা হলেও তা বৃহত্তর জনসাধারণের যাতায়াতব্যবস্থা সহজ করার কোনো কাজে আসবে না।
সিডিএর সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রথম আলোকে জানান, নতুন র্যা ম্প নির্মাণের জন্য কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। তাই এর নির্মাণকাজ শেষ করতে সর্বোচ্চ ছয় মাস লাগতে পারে। নির্মাণকাজ চলার সময় উড়ালসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। তবে যখন র্যা ম্প উড়ালসড়কের সঙ্গে যুক্ত করা হবে, তখন সাত থেকে দশ দিন গাড়ি চলাচল বন্ধ রাখা হতে পারে। নতুন করে র্যা ম্প নির্মাণের কারণে মূল উড়ালসড়কের অবকাঠামোগত কোনো ক্ষতি হবে না বলে জানান প্রকৌশলীরা।