উদ্বোধনের সাড়ে চার মাসেই ধসে পড়েছে সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের সাড়ে চার মাসের মাথায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ওপর নির্মিত বলাখাল-নাটেহরা খেয়াঘাট সেতুর দুই পাশের সংযোগ সড়কের বেশির ভাগ অংশ ধসে পড়েছে। গত বৃহস্পতিবারের বৃষ্টিতে ওই সংযোগ সড়কের এ অবস্থার সৃষ্টি হয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার হোসেন ট্রেডার্স ১১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ৪০৫ টাকায় ওই সেতু নির্মাণ করে। সেতুর দুই পাশের সংযোগ সড়ক ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান লক্ষ্মীপুরের জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। পরে এ বছরের ৩০ জানুয়ারি স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম সেতুটি উদ্বোধন করেন।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের ধসে পড়া অংশ ইটের সুরকি ও বালু ফেলে আংশিক ভরাট করা হয়েছে। এ সময় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইল হোসেন ও শ্রমিক আবু বকর অভিযোগ করে জানান, সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম করা হয়েছে। বালুর পরিবর্তে মাটি ব্যবহার করলে সড়কটি এত তাড়াতাড়ি ধসে পড়ত না। বালুর ওপর ইটের সলিং দেওয়ায় বৃষ্টির সময় ইটের ফাঁকে পানি ঢুকে বালু নেমে যাওয়ায় সড়কটি ভেঙে গেছে। সড়কের দক্ষিণ পাশের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাটেহরা গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আকতার হোসেন বলেন, গত বৃহস্পতিবারের এক দিনের বৃষ্টিতেই সড়কের দক্ষিণ পাশের প্রায় অর্ধেক অংশ ধসে পড়ে। এ ছাড়া উত্তর পাশেরও কিছু অংশ ধসে পড়ে। সংযোগ সড়ক ধসে পড়ায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে শুক্রবার সকাল ১০টার দিকে সেখানে ইটের খোয়া ও বালু ফেলে ধসে যাওয়া কিছু অংশ মেরামত করায় পুনরায় যান চলাচল শুরু হয়। তিনি আরও জানান, সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হওয়ায় ওই সড়ক ধসে পড়েছে।
এ ব্যাপারে বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন মুন্সী বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে আমি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংসদসহ কর্তৃপক্ষকে সড়ক ধসে পড়ার বিষয়টি জানিয়েছি।’
মহিউদ্দিন মুন্সী আরও বলেন, ‘১৫ দিন আগে একবার বৃষ্টি হলে ওই সময়ও দুই পাশের অনেক স্থান ভেঙে পড়ে। তখন আমি ১০ হাজার টাকা খরচ করে তাৎক্ষণিক মেরামতকাজ করেছি। বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাত হলে এ সড়ক সম্পূর্ণভাবে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।’
তবে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের ঠিকাদার জাহাঙ্গীর হোসেন জানান, এক বছর পর্যন্ত সড়ক মেরামত করার সুযোগ আছে। এক বছরে যতবার সড়ক ক্ষতিগ্রস্ত হবে, ততবার তিনি তা মেরামত করে দেবেন। এখন তিনি সড়ক পুনরায় মেরামত করছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আশ্রাফ জামিল প্রথম আলোকে বলেন, সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় মূলত এ অবস্থা হয়েছে। মাটির পরিবর্তে বালু ফেলে সড়ক নির্মাণ প্রসঙ্গে তিনি যুক্তি দেখিয়ে বলেন, মাটি দেবে যাওয়ার আশঙ্কায় সড়ক নির্মাণে বালু ব্যবহার করা হয়েছে। আপাতত যান চলাচলের উপযোগী করতে সড়ক মেরামতের কাজ করা হচ্ছে।