৬৯টি দলের ৩২৬ জন খেলোয়াড়ের সরব উপস্থিতিতে এখন মুখর সিলেটের ক্রীড়াঙ্গন। ব্যাডমিন্টন কোর্ট দাপিয়ে বেড়ানো নারী ও পুরুষ খেলোয়াড়দের চোখধাঁধানো খেলা দেখতে দর্শকদের উপস্থিতিও মন্দ ছিল না। আর দর্শক-খেলোয়াড়দের এ উন্মাদনা ছিল গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রূপালী ব্যাংক লিমিটেড ৩৩তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলা একটায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেও সকাল নয়টায়ই খেলা শুরু হয়ে যায়। প্রথম দিন শেষে ১২৮টি ম্যাচ হয়। নগরের মাছিমপুর এলাকার সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ব্যাডমিন্টন খেলা চলবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জুবায়েদুর রহমান। পরে অর্থমন্ত্রী জেলা ক্রীড়া কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। সিলেট প্রতিনিধি