উদ্বোধন করবেন ৫৬ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বানিয়ে তাতে রং করা হচ্ছে। গতকাল সকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে।  ছবি: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বানিয়ে তাতে রং করা হচ্ছে। গতকাল সকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে। ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার বরিশাল যাচ্ছেন। এই দিন প্রধানমন্ত্রী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধনের পর বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এ ছাড়া বরিশাল ও পটুয়াখালী জেলায় ৫৬টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সেনানিবাস ও জনসভা ছাড়াও বরিশালের ৪২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পটুয়াখালী জেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বিভিন্ন প্রকল্পের তালিকা করেছে বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসন। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মাছুমুর রহমান ও বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। আবুল কালাম আজাদ বলেন, ‘৭৫টি প্রকল্পের তালিকা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। তবে যেকোনো সময় এই তালিকায় পরিবর্তন আসতে পারে। আবার অপরিবর্তিতও থাকতে পারে।’ এ প্রসঙ্গে মো. মাছুমুর রহমান বলেন, উদ্বোধন করার মতো উন্নয়ন প্রকল্পগুলো প্রধানমন্ত্রী এই সফরে উদ্বোধন করবেন।

উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রকল্প রয়েছে। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন, বঙ্গবন্ধু ছাত্রনিবাস, শেখ হাসিনা ছাত্রীনিবাস ও শের-ই-বাংলা ছাত্রাবাস।

বরিশাল সদর উপজেলার ১৪টি প্রকল্প উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল জেলা শহরে তিন হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার, দুই হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আলুবীজ হিমাগার।

এ ছাড়া গৌরনদী, মুলাদী, বাবুগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জ, আগৈলঝাড়া উপজেলায় একটি করে এবং মেহেন্দিগঞ্জে ছয়টি ও উজিরপুর উপজেলায় দুটি প্রকল্পসহ আরও আট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালীর জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সব প্রস্তুতি তাঁরা সম্পন্ন করেছেন।