উদ্বোধন করবেন ৮৩৫ কোটি টাকার ২১ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল কুমিল্লা সফরে আসছেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর কুমিল্লায় এটাই তাঁর প্রথম সফর। এখানে তিনি ৮৩৫ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া ওই দিন তিনি নগরের টাউন হল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল সকাল ১০টায় মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ খনন এবং ১ দশমিক ৫ কিলোমিটার আন্তসংযোগ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করবেন। ৬৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে পেট্রোবাংলা ওই প্রকল্প বাস্তবায়ন করেছে। বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লা নগরের নজরুল ইনস্টিটিউট উদ্বোধন করবেন। চার কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ওই প্রকল্প বাস্তবায়ন করেছে। বেলা আড়াইটায় কুমিল্লা টাউন হল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী কুমিল্লা নগরের ধর্মপুর এলাকায় চারটি খাদ্যগুদাম, চৌদ্দগ্রামে একটি খাদ্যগুদাম, কুমিল্লা জেলা রেজিস্ট্রারের কার্যালয়, দাউদকান্দির বিভাগীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, দাউদকান্দি ও হোমনা ফায়ার সার্ভিস স্টেশন, আদর্শ সদর উপজেলার আলেখারচর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাস, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ ভবন, তিতাস উপজেলায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, আদর্শ সদর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা বহুমুখী কারিগরি কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শাসনগাছা সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র, চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র ও লাইন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাডেমিক কাম পরীক্ষাকেন্দ্রের নির্মাণকাজ, কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সম্প্রসারণ কাজ ও নাঙ্গলকোট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী ২০ এপ্রিল কুমিল্লায় আসছেন। গত সোমবার তাঁর সফরসূচি আমাদের কাছে পৌঁছানো হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে শ্রীকাইল গিয়ে গ্যাসক্ষেত্র এবং কুমিল্লা নগরে এসে নজরুল ইনস্টিটিউট উদ্বোধন করবেন। পরে তিনি টাউন হল মাঠে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’