উদ্বোধন করেই শেষ!

ফটকে সাইনবোর্ড—‘জাতীয় বাঁশ উদ্যান (প্রস্তাবিত)’। উদ্যানে কী কী বাঁশ আছে, তার বিবরণসহ বিস্তারিত তালিকা রয়েছে। কিন্তু উদ্যানে ঢুকেই দেখা গেল, সব ফাঁকা।
২৩ প্রজাতির ৭০০টি বাঁশের চারা রোপণ করা হয়েছে বলে উদ্যানের সাইনবোর্ডে লেখা থাকলেও ভেতরে পাওয়া গেল মাত্র ২০টি বাঁশ। এর মধ্যে মড়ক ধরেছে সাতটিতে।
এই হলো বন বিভাগের জাতীয় বাঁশ উদ্যানের অবস্থা। সিলেট নগরের বিমানবন্দর থানা এলাকায় এর অবস্থান। বলা হচ্ছে, দেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যান এটিই। বন বিভাগ সূত্র জানায়, ২০১৩ সালের ৬ জুন বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী উদ্যানটির উদ্বোধন করেন। তখন দুর্লভ ও বিপন্ন দেশি-বিদেশি ২০ প্রজাতির ৭০০ বাঁশ নিয়ে উদ্যানের যাত্রা শুরু। ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো-টু৵রিজম উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর এলাকায় ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের (এফএসটিআই) চত্বরে টিলা ভূমিতে গড়ে তোলা হয় এ উদ্যান।
বাঁশকে ‘গরিবের কাঠ’ অভিহিত করে উদ্যানটি উদ্বোধনের সময় বলা হয়েছিল, বৃষ্টিপ্রবণ অঞ্চল হওয়ায় পরিবেশগত কারণে বাংলাদেশের মধ্যে সিলেটে একসময় বাঁশের উৎপাদন বেশি হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে কমেছে বাঁশ উৎপাদন। সিলেটে যত প্রজাতির বাঁশ রয়েছে, তা দেশের অন্য কোথাও নেই—এ বিষয় প্রচারণায় আনতেই এখানে জাতীয় বাঁশ উদ্যান করা হয়েছে। উদ্দেশ্য বাঁশের উৎপাদন বাড়ানো, বিলুপ্তপ্রায় বাঁশের প্রজাতি সংরক্ষণ ও পর্যটকদের আকর্ষণ করা।
বিমানবন্দর সড়কের পাশে পর্যটন মোটেলের বিপরীতে ৩০ একর জায়গায় বন বিভাগের ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। সুবিশাল এ ইনস্টিটিউটের পরিত্যক্ত দুটি টিলা ও সমতল ভূমির ১ দশমিক ৪১৭ হেক্টর জমি নিয়ে গড়ে তোলা হয়েছে বাঁশ উদ্যানটি।
বন বিভাগ সূত্র জানায়, প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে ৭০০টি বাঁশের চারা লাগানো হয় উদ্যানে। এর মধ্যে বিরল প্রজাতির বাঁশ কলসি, প্যাঁচা, রুপাহি, টেঙ্গা, জাই, মূলী, থাই বরুয়া, কাঁটা বরুয়া, পলি মরকা, কঞ্চি, বুদুম, কালী, সোনালি, ডলু, মাকাল, মৃতিঙ্গা, তেঁতুয়া, ওড়া, বেতুয়া, পরুয়া, বরুয়া, বোতম, রঙ্গন ও পারুয়া রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উদ্যানে মাত্র ২০টি বাঁশের চারা রয়েছে। এর মধ্যে সাতটিতে মড়ক লেগেছে। এ অবস্থায় বাঁশ উদ্যানে আর বাঁশ থাকবে কি না, তা নিয়েই শঙ্কিত খোদ বন বিভাগ।
বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, টাকা খরচ তো বটে, তার সঙ্গে একটি উদ্যোগও যেন জলে গেল! এ বিষয়ে বন বিভাগের একটি সূত্র জানায়, উদ্বোধনের পরপরই উদ্যানের উদ্যোক্তা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল বশর মিয়া বদলি হয়ে অন্যত্র চলে যান। পরবর্তী সময়ে এটি আর তদারক হয়নি। পরিচর্যার অভাবে বাঁশের চারাগুলো মরে গেছে।
যোগাযোগ করলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘যখন উদ্যানটি করা হয়, তখন আমি সিলেট বন বিভাগের দায়িত্বে ছিলাম না। এ কারণে বাঁশ উদ্যানের ব্যাপারে সবকিছু আমি জানিও না। যেহেতু আমরা সফলতা অর্জন করতে পারিনি, তাই এটি এখানে আর হবে না। আমরা অন্য কোনো স্থানে বাঁশ উদ্যানটি করা যায় কি না, তা দেখব।’