উদ্বোধন কাল, প্রতিবাদে সিলেটে আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের অন্যতম প্রধান সীমান্ত নদী সারী নদীর উজানে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের উদ্বোধন হচ্ছে আগামীকাল বুধবার। বাংলাদেশের নদীর জন্য ঝুঁকিপূর্ণ এ বাঁধ নির্মাণ ও উদ্বোধনের প্রতিবাদে আজ মঙ্গলবার সিলেটে মানববন্ধন আহ্বান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সারী বাঁচাও আন্দোলন।আয়োজকেরা জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদী সিলেটের আঞ্চলিক নদীগুলোর সঙ্গে প্রবাহিত। এ নদীর জলধারায় প্রতিবন্ধকতা দেখা দিলে সিলেট অঞ্চলের অন্য নদীগুলোর ওপর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে। সারীর উজানে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট অঞ্চল থেকে ফেসবুক প্রচারণাসহ বিভিন্ন প্রতিবাদ হলেও ভারতের মেঘালয় রাজ্য এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম ও সারী বাঁচাও আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবদুল হাই জানান, ভারতের মাইনথ্রু নদীতে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল বুধবার। মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বাঁধের প্রথম ইউনিটের উদ্বোধন করবেন। এর প্রতিবাদে আজ সকাল ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হবে।