উদ্বোধন নয়, নীলসাগরের চলাচল দেখতে চান নীলফামারীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিলাহাটি থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চলাচলের দাবি জানিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। ট্রেনটি চলাচলের জন্য যখন দিনক্ষণ ঠিক হলো, তখন দুজন সাংসদের কে উদ্বোধন করবেন, তা নিয়ে দ্বন্দ্বের কারণে ট্রেনটির চলাচল স্থগিত হয়ে গেল। কে উদ্বোধন করবেন সেটা আমরা দেখতে চাই না। আমরা ট্রেন চালু দেখতে চাই।’
ক্ষুব্ধ হয়ে কথাগুলো বলছিলেন চিলাহাটি বাজারের ব্যবসায়ী লিটন বসুনিয়া। চিলাহাটি থেকে নীলসাগরের চলাচল স্থগিত হয়ে যাওয়ায় তাঁর মতো ক্ষুব্ধ পুরো নীলফামারীর মানুষ।
১০ জুলাই ট্রেনটি চালুর কথা থাকলেও উদ্বোধন নিয়ে জাতীয় পার্টির সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী ও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাংসদ হামিদা বানু শোভার দ্বন্দ্বের কারণে তা আটকে যায়। এ নিয়ে একটি সংবাদ গত রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি রোববারই রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেছি। আজও (বুধবার) ফোনে কথা বলেছি, তিনি ঈদের আগে সময় দিতে পারবেন না জানিয়ে আমাকে দিয়ে উদ্বোধনের কথা বলেছেন। আশা করছি ঈদের আগেই ট্রেনটি চালু করা সম্ভব হবে।’
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, ‘২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীতে এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে সাংসদ আসাদুজ্জামান নূর, নীলফামারী শিল্প ও বণিক সমিতি ও গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। এটার উদ্বোধন নিয়ে কারও কারও এত মাথাব্যথা কেন? আমরা তাঁদের দ্বন্দের কারণে ট্রেনটি চলাচল স্থগিত দেখতে চাই না। আমরা চাইব, প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুত ট্রেনটি শিগগিরই চালুর ব্যবস্থা করবেন।’
রেলওয়ে সুত্রমতে, ১০ জুলাই থেকে ট্রেনটি চিলাহাটি ঢাকা চলাচলের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, সাংসদ হামিদা বানু শোভা আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চিলাহাটিতে উদ্বোধন করবেন বলে ডোমার ও চিলাহাটিতে মাইকিং করা হয়। একইভাবে কোনো প্রচারণা না চালালেও চিলাহাটিতে ট্রেনটির উদ্বোধন করার জন্য সাংসদ জাফর ইকবাল সিদ্দিকীর ১০ জুলাই সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চিলাহাটি আসার কথা ছিল।