ঝিমিয়ে থাকা ক্রীড়াঙ্গনকে সচল করার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মরহুম ইফতেখার ও রায়হান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার প্রথম ম্যাচে নালিতাবাড়ী বাজারের ডিসকভার স্পোর্টস হাউস জয়লাভ করে।
উদ্বোধনী খেলায় ডিসকভার স্পোর্টস হাউস ও তারাগঞ্জ দক্ষিণ বাজারের সুপার বয়েজ স্পোর্টিং ক্লাব অংশ নেয়। ২০ ওভারের খেলায় সুপার বয়েজ সব উইকেট হারিয়ে ১৯ ওভারে ১০৫ রান করে। জবাবে ডিসকভার স্পোর্টস হাউস ১৮ ওভার খেলে দুই উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
টুর্নামেন্টের সাধারণ সম্পাদক রবিউল কায়েস বলেন, ‘পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার তরুণ ক্রিকেটার ইফতেখার আনাম (২৫) গত বছরের ১৩ মে ও আমবাগান এলাকার আবু রায়হান (২২) ১৩ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁরা খেলোয়াড় ও ক্রীড়াসংগঠক ছিলেন। প্রতিবছর তাঁদের সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করতাম। এখন তাঁরা আমাদের মাঝে নেই। তাঁদের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে।’
গতকাল সকাল ১০টার দিকে পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মরহুম ইফতেখারের বাবা মো. সামিউল হক ও আবু রায়হানের বাবা মো. জাহাঙ্গীর হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক। সভায় অন্যদের মধ্যে সাবেক ক্রীড়াবিদ অসীম দত্ত, প্রেসক্লাবের সভাপতি এম এ হাকাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।