উদ্বোধনের অপেক্ষায় শেখ কামাল সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদের ওপর নির্মিত ‘শেখ কামাল সেতু’ চলাচলের জন্য খুলে দেওয়ার অপেক্ষায় আছে সাগরপাড়ের জনপদ কলাপাড়ার মানুষ। সে সঙ্গে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কুয়াকাটা ভ্রমণেচ্ছু দেশি-বিদেশি পর্যটকেরা। এই সেতু চালু হলে কুয়াকাটার সঙ্গে সারা দেশের যোগাযোগব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
সরেজমিনে দেখা গেছে, শেখ কামাল সেতুর পুরো কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে ঘষামাজাসহ সৌন্দর্যবর্ধনের কাজ। দুই দিকের সংযোগ সড়কের শেষ মুহূর্তের কাজও চলছে। আর সেতুর ওপরে আলোর ব্যবস্থার জন্য সরঞ্জাম পৌঁছে গেছে। দু-চার দিনের মধ্যে তা-ও শুরু করা হবে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, এ মাসের শেষদিকে অথবা আগামী মাসের শুরুতে সেতুটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন যানবাহনসহ সাধারণের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। অপর একটি সূত্রে জানা গেছে, হাজীপুর-পুরান মহিপুর পয়েন্টে সোনাতলা নদীর ওপর নির্মিতব্য শেখ জামাল সেতুর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হলে একসঙ্গে দুটি সেতু খুলে দেওয়া হতে পারে। এর আগে মহিপুর-আলীপুর পয়েন্টে শিববাড়িয়া নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতু ভিডিও কনফারেন্স করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
কলাপাড়ার আন্ধারমানিক নদের ওপর সেতুটি নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয় ২০১১ সালের ১২ জুন। ২০১৩ সালের ১১ ডিসেম্বর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। সময়মতো কাজ শেষ করতে না পারায় পরে সময় বাড়ানো হয়েছে। এ সেতুর দৈর্ঘ্য ৮৯১ দশমিক ৭৬ মিটার। এতে ১৯টি স্প্যান রয়েছে। দুদিকে ৫৫৫ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি ১ লাখ ৮৫ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আরবিএল-এমবিইএল-জেবি সেতুটির নির্মাণকাজ যৌথভাবে সম্পন্ন করেছে।
কুয়াকাটার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘কুয়াকাটায় বেড়াতে এসে কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত মাত্র ২২ কিলোমিটার সড়কের তিনটি ফেরি পারাপার ছিল পর্যটকদের কাছে চরম বিড়ম্বনার। শেখ কামাল এবং শেখ জামাল সেতু চালু হলে সাধারণ মানুষসহ পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। পর্যটকদের সংখ্যাও অনেক বেড়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এমনিতেই কুয়াকাটার পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। বিগত কয়েক বছর ধরে চলছে ব্যবসায়িক মন্দা। আমরা মনে করি, এই সেতু চালু হলে কুয়াকাটার ব্যবসা-বাণিজ্য নতুন করে গতি ফিরে পাবে।’
পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘আসলে কাজ একরকম শেষের পথে। তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, এ মাসের মধ্যে সৌন্দর্যবর্ধনসহ সব কাজ শেষ হয়ে যাবে। তারপর যেকোনো সময় সেতুটি চালু করা হবে।’