উদ্বোধনের অপেক্ষায় বর্ষিজোড়া ইকোপার্ক
মৌলভীবাজার শহরের কাছে মিশ্র চিরহরিৎ প্রাকৃতিক বনের বৈশিষ্ট্যপূর্ণ বর্ষিজোড়া ইকোপার্ক এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আছে। বন্য প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্যের এই পার্কটিতে পর্যটকদের আকর্ষণ করতে নতুনভাবে সাজানো হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় এখনো পার্কটিতে জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। মানুষ ইচ্ছামতো ইকোপার্কে প্রবেশ করছে।বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহর থেকে দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত মিশ্র চিরহরিৎ প্রাকৃতিক বনে গড়ে তোলা হয়েছে এই ইকোপার্ক। ৮৮৭ একর জায়গা নিয়ে গড়ে তোলা এই পার্কে এরই মধ্যে কটেজ, পিকনিক স্পট, প্রধান গেট, নিরাপত্তাব্যবস্থা, টয়লেট, রাস্তা ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আগর, ঔষধি, বিরল প্রজাতির উদ্ভিদের বাগান তৈরি করা হয়েছে। ছোট ছোট টিলা ও ছড়া (খাল) সমৃদ্ধ মিশ্র চিরহরিৎ এই প্রাকৃতিক বনটিকে ১৯১৬ সালে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়েছিল। ক্রমান্বয়ে বনের আশপাশে মানুষের বসতি বৃদ্ধির কারণে একসময়ের এই গভীর বনাঞ্চল থেকে চিতাবাঘ, মায়াহরিণ, উল্লুুকসহ বিভিন্ন রকমের প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্ষিজোড়া ইকোপার্কে সচরাচর বানর, বনবিড়াল, মেছোবাঘ ও বিভিন্ন ধরনের সাপ চোখে পড়ে। পাখির মধ্যে পেঁচা, ঘুঘু, বক, কাক ইত্যাদির দেখা মেলে বেশি। বন বিভাগের মৌলভীবাজার বিটের কর্মকর্তা চন্দন মজুমদার প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে বনের আশপাশে কিছু মায়াহরিণ ধরা পড়ে। এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, এগুলো বর্ষিজোড়া ইকোপার্ক না লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে আসে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে দুটি কটেজ, ২০টি বসার বেঞ্চ ও একটি পিকনিক স্পট তৈরি করা হয়েছে। প্রকল্পে এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকা ব্যয় হয়েছে। এদিকে গত বছর বর্ষিজোড়া ইকোপার্ক উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যায়নি। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ইকোপার্কের কাজ প্রায় শেষ বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যে ইকোপার্ক থেকে রাজস্ব আদায়, পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে ইজারা দেওয়ার জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইকোপার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বা চালু না হওয়ায় এখনো টিকিট-পদ্ধতি চালু হয়নি। লোকজন ইচ্ছামতো বনের ভেতর প্রবেশ করছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বর্ষিজোড়া ইকোপার্কের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আছে। রাজস্ব আদায়ের সুবিধার্থে পার্কটি ইজারা দেওয়ার ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইজারা দেওয়া হলে ইজারাদারেরা পর্যটকদের আকর্ষণ করতে নিজেদের স্বার্থেই নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করবেন।