উদ্বোধনের আগেই আশ্রয়কেন্দ্রে ফাটল
উদ্বোধনের আগেই প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কাম প্রাথমিক বিদ্যালয় ভবনের শতাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সফিলপুর গ্রামে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কাম কালীপুর-কালীবাড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ এনেছেন এলাকাবাসী। সম্প্রতি ভবনটির শতাধিক স্থানে ফাটল ধরায় বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা শঙ্কিত হয়ে পড়েছেন। গত বুধবার দুপুরে তাঁরা বিদ্যালয়ের মাঠে সমাবেশ করে নাজুক ভবন নির্মাণের প্রতিবাদ জানান এবং ওই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনায় অপারগতা জানান। এলজিইডির বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০০৮-০৯ অর্থবছরে এক কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সফিলপুর গ্রামের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কাম কালীপুর-কালীবাড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পাথরঘাটার মেসার্স জামান ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। ২০০৯ সালের শুরুতে ভবনের কাজ শুরু করে মাস দুয়েক আগে তা সম্পন্ন হয়। কিছুদিনের মধ্যে ভবনটি উদ্বোধন ও আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু উদ্বোধনের আগেই সম্প্রতি ভবনটির ছাদ, নিচতলার মেঝে, দেয়াল, পিলারসহ শতাধিক স্থানে বড় বড় ফাটলের সৃষ্টি হওয়ায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকার কয়েকজন অভিযোগ করেন, ঠিকাদার নিম্নমানের ইট ব্যবহার এবং পরিমাণমতো সিমেন্ট ব্যবহার না করায় নির্মাণকাজ শেষ না হতেই ভবনটির এ অবস্থা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, ভবনটির ফাটল ধরা স্থানগুলো বালু ও সিমেন্ট দিয়ে মেরামত করে চুনকাম করাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা। ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই বলার নেই। ঠিকাদারকে জিজ্ঞাসা করুন।’ ঠিকাদারি প্রতিষ্ঠান জামান ব্রাদার্সের মালিক আবদুল বারী আজাদ বলেন, ‘যথাযথ মান বজায় রেখেই আমরা কাজ করেছি। ছাদে নলকূপের কাজ চালানোর সময় ভারী হাতুড়ির আঘাতে কিছু স্থানে ফাটল ধরেছে। ওটা কোনো সমস্যা নয়। আমরা সেটুকু মেরামত করে দিচ্ছি। আর এ ধরনের ফাটলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’