উদ্বোধনের আগেই কালভার্টের পাশের দেয়ালে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজীগঞ্জের লোধপাড়ায় কালভার্টের পাশের দেয়ালে সৃষ্টি হওয়া ফাটল ছবি l প্রথম আলো
হাজীগঞ্জের লোধপাড়ায় কালভার্টের পাশের দেয়ালে সৃষ্টি হওয়া ফাটল ছবি l প্রথম আলো

নির্মাণকাজ শেষ হওয়ার চার মাস পরেই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা-চেঙ্গাতলী সড়কের লোধপাড়া গ্রামের খালের ওপরের একটি কালভার্টের দুই পাশের দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। এ সমস্যার কারণে এখনো কালভার্টটি যানচলাচলের জন্য উদ্বোধনই করা হয়নি।
স্থানীয় লোকজনের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে। তবে সওজের এক কর্মকর্তা দাবি করেছেন, দেয়ালে কোনো ফাটল সৃষ্টি হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বাকিলা-চেঙ্গাতলী সড়কের ওপর পূর্ব-পশ্চিমে কালভার্টটি নির্মাণ করা হয়েছে। কালভার্টের দুই পাশে শ্রমিকেরা মাটি ফেলেছেন। মাটির চাপে দুই পাশের দেয়ালে সৃষ্টি হওয়া ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে। পশ্চিম পাশের দেয়ালটি অনেকখাটি হেলে পড়েছে। স্থানীয় কয়েকজন বলেন, কালভার্টের মূল দেয়ালেও ফাটলের সৃষ্টি হয়েছে। মাটি দিয়ে ভরাট করে ফেলায় সেটি দেখা যাচ্ছে না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের মেসার্স ইউনুস ট্রেডার্স ৩০ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করে। দরপত্রের শর্ত অনুযায়ী গত জুন মাসে দুই পাশে মাটি ফেলাসহ নির্মাণকাজ শেষ করার কথা। খালে পানি থাকায় ঠিকাদার তখন মাটি ফেলেননি। তবে কালভার্টের নির্মাণকাজ শেষ করেছিলেন। এখন খাল থেকে মাটি কেটে কালভার্টের দুই পাশে ফেলার পর দেয়াল দুটি হেলে পড়েছে।
বাকি ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য কালা মানিক অভিযোগ করে বলেন, ‘কালভার্ট নির্মাণে বরাদ্দ কত টাকা, তা আমাদের জানা নেই। তবে এটি নির্মাণের সময় রাজমিস্ত্রি ও শ্রমিকেরা অনেক মালামাল সরিয়ে ফেলেছেন। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার বিষয়টি জানিয়েছি। তা ছাড়া কালভার্টে ব্যবহৃত মালামাল নিম্নমানের ছিল। এ কারণে দেয়ালে ফাটল দেখা দিয়েছে।’
স্থানীয় বাকিলা ইউপির চেয়ারম্যান মাহফুজুর রহমান ওরফে ইউছুপ পাটওয়ারী বলেন, ‘কালভার্টটি নির্মাণের সময় স্থানীয় অনেকে আমাকে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন। আমি তাৎক্ষণিক বিষয়টি সওজের প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস ট্রেডার্সের মালিক মো. ইউনুস দাবি করেন, মূল কালভার্টটি আগে নির্মাণ করা হয়েছে। পরে দুই পাশের দেয়াল নির্মাণ করা হয়। কালভার্টের পাশের দেয়াল হেলে পড়েছে কেন, জানতে চাইলে ইউনুস বলেন, কোনো সমস্যা হলে প্রয়োজনে পুনরায় ঢালাই দিয়ে মেরামত করা হবে।
সওজের চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, ‘আপনারা যেটিকে ফাটল বলছেন, বাস্তবে তা ঠিক নয়। আমাদের মূল নকশা অনুযায়ী কালভার্ট আগে ও দেয়াল পরে নির্মাণ করা হয়। পাশের দেয়াল পরে নির্মাণ করায় মাটির চাপে মূল কালভার্ট থেকে দেয়ালটি ফাঁক হয়ে যেতে পারে।’