উদ্বোধনের আগেই খসে পড়ছে পলেস্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু হওয়ার নয় মাস পর আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মেহেরপুর জেলা কারাগার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তৃতা করবেন। কারা-মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আশরাফুল ইসলামসহ পুলিশ ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ দুপুর ১২টায় জেলা কারাগারের উদ্বোধনের কথা রয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষের অভিযোগ, উদ্বোধনের আগেই কারা ভবনের সব দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। জেলা কারাগার সূত্র জানায়, কারাগারটি তৈরিতে সময় লাগে ১২ বছর। চলতি বছরের ২৩ জানুয়ারি ৩৫০ জন বন্দী ধারণক্ষমতাসম্পন্ন কারাগারটির অনানুষ্ঠানিক কার্যক্রম চালু হয়। জেলা গণপূর্ত বিভাগ জানায়, আগের উপ-কারাগারটি ছিল মাত্র ৩৫ জন ধারণক্ষমতার। ব্রিটিশ আমলে তৈরি ওই উপ-কারাগারটি ১৯৮৭ সালে গণপূর্ত বিভাগ বসবাসের অযোগ্য ঘোষণা করে। ’৯৭ সালে জমি অধিগ্রহণ করার কাজ শেষে ’৯৯ সালে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়। মেহেরপুর সার্কিট হাউস সড়কের বাঁ পাশে অবস্থিত সাড়ে সাত একর জমির ওপর মোট ১৪ কোটি ৫৫ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই কারাগারে বন্দীদের জন্য আধুনিক সব ব্যবস্থা রয়েছে। মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ জানান, নির্মাণকাজ শেষ হতে দীর্ঘ সময় লাগায় বিল্ডিং কোড অনুযায়ী নতুন এই কারাগার ভবনের সংস্কারকাজ জরুরি হয়ে পড়েছে। নির্মাণসামগ্রীর মূল্য কয়েক দফায় বৃদ্ধি ও অর্থপ্রাপ্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার কারণে এর নির্মাণকাজ শেষ হতে দীর্ঘ সময় লাগল। মেহেরপুর জেলা কারাগারের উপাধ্যক্ষ এ কে এম মহিউদ্দিন হায়দার জানান, অতি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কারাগার ভবনটি নির্মিত হয়েছে। ফলে এখনই ভবনের সব অংশেরসহ সীমানাপ্রাচীরের পলেস্তারা খসে পড়ছে। নির্মাণকাজে সিমেন্টের বদলে বালুর পরিমাণ বেশি থাকায় দেয়ালে সামান্য পেরেক ঠুকলেই পলেস্তারা খসে পড়ে।