উদ্বোধনের আগেই গঙ্গাচড়ায় জাপার কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জাপার চেয়ারম্যানের নির্দেশে গড়া কার্যালয় দলের অপর একটি অংশ ভেঙে দিয়েছে বলে জানা গেছে।গত ১৮ ডিসেম্বর জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ গঙ্গাচড়া উপজেলা সফরে যান। সেখানে তিনি দলীয় কোনো কার্যালয় খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি উপজেলা জাপার সভাপতি মতিয়ার রহমানকে কার্যালয় তৈরির দায়িত্ব দেন।নির্দেশ পেয়ে সভাপতি গঙ্গাচড়া বাজারে জাপার কার্যালয় করার উদ্যোগ নেন। গত শুক্রবার সেখানে একটি ঘর ভাড়া নিয়ে চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব দিয়ে সাজানো হয়। সন্ধ্যার পর কার্যালয়টি উদ্বোধনের কথা। কিন্তু এর আগেই স্থানীয় সাংসদ ও এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ারের সমর্থনে স্লোগান দিয়ে দলের এক পক্ষের নেতা-কর্মীরা নতুন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা জাপার সভাপতি মতিয়ার রহমান বলেন, ‘এখানে কার্যালয় ছিল না। দলের চেয়ারম্যানের নির্দেশে আমি কার্যালয় করার উদ্যোগ নিই। কিন্তু কার্যালয় করা হলেও উদ্বোধনের আগেই তা একটি পক্ষ ভেঙে দিয়েছে।’সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমার নির্বাচনী এলাকায় আমাকে না জানিয়ে কার্যালয় করার কারণে একটি পক্ষ হয়তো ক্ষুব্ধ হয়েছে।’ গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, কার্যালয় ভাঙচুর হলেও সহিংস ঘটনা ঘটেনি। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।