উদ্বোধনের আগেই তিস্তা সেতুর গাইড বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের আগেই তিস্তা সড়কসেতুর দক্ষিণ প্রান্তের গাইড-বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক ও সেতুর দুই প্রান্তের প্রধান পিলার রক্ষার কাজ করে এই গাইড-বাঁধ। এ ছাড়া বাঁধে বসানো সিমেন্টের তৈরি কিছু বোল্ডার ধসে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৮ জুলাই সেতুটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়। সরেজমিনে দেখা যায়, সেতুর দক্ষিণ প্রান্তে রংপুরের কাউনিয়ার দিকে নদীশাসনের জন্য যে গাইড-বাঁধটি দেওয়া হচ্ছে, তা নির্মাণ শেষ না হতেই ভাঙন দেখা দিয়েছে। সিমেন্টের তৈরি বোল্ডারগুলো ধসে পড়েছে। সেতুর আশপাশের নিজপাড়া, হযরত খাঁ, চরগনাই, পাঞ্জরডাঙ্গা ও বিশ্বনাথ গ্রামের লোকজনের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি ৩০০ মিটার দীর্ঘ ও ৫২ মিটার প্রস্থের গাইড-বাঁধ নির্মাণকাজ করেছে দায়সারাভাবে। তাই বৃষ্টি ও নদীর পানির তোড়ে বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। বাঁধের মধ্যে সিমেন্টের তৈরি বোল্ডার বসানো হলেও সেতুর দক্ষিণ দিকের গাইড-বাঁধের কিছু বোল্ডার ধসে পড়েছে। সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আমিন-ডেলিম-জেভি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, অতিবর্ষণের কারণে গাইড-বাঁধ নির্মাণে এমনটি হতে পারে। তবে তা ঠিক হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। ২০০১ সালের ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে যোগাযোগের জন্য তিস্তা রেলসেতুর পাশে এই সড়কসেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৬ সালের ৫ আগস্ট আরেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে কয়েক দফায় কাজের সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ গত জুন মাসে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। ১৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুর উদ্বোধন করার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। তবে সেতুটি কবে উদ্বোধন করা হবে, তা এখনো জানা যায়নি। সেতুটির নির্মাণব্যয় প্রথমে ধরা হয়েছিল ৮৭ কোটি টাকা। পরবর্তী সময়ে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ১২২ কোটি টাকায়। এর মধ্যে কুয়েত সরকারের ৮৫ ও বাংলাদেশ সরকারের ১৫ শতাংশ আর্থিক সহায়তা রয়েছে।