উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া গ্রামে বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দোতলা ভবন উদ্বোধনের আগেই ভেঙে ফেলা হচ্ছে। ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ভবনে ছাত্রছাত্রীরা এক দিনের জন্যও ক্লাস করতে পারেনি। সরেজমিন দেখা গেছে, যমুনা নদীর পাশে শ্রমিকেরা নতুন দোতলা ভবনটি ভাঙার কাজ করছেন। ওই ভবনের পাশে থাকা বিদ্যালয়ের পুরোনো ভবনটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে বিদ্যালয় এলাকা থেকে আধা কিলোমিটার দক্ষিণে খোলা মাঠে ছাত্রছাত্রীদের পাঠদান চলছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবন নির্মাণের সময় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধটি সেখান থেকে এক হাজার মিটার দূরে ছিল। গত ডিসেম্বরে যমুনার আকস্মিক ভাঙনে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিদ্যালয় ভবন দুটির কাছে চলে আসে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবন দুটি রক্ষার জন্য বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে জরুরি ব্যবস্থা নিতে আবেদন করেন। এতে কোনো সাড়া না পাওয়ায় ৩ জানুয়ারি শিক্ষা কমিটির জরুরি সভায় ভবন দুটি ভেঙে আধা কিলোমিটার দক্ষিণে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য ব্যয় ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকেরা এ ব্যয় বহন করবেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পাউবো ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থা না করায় শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভবন দুটি ভেঙে অন্য জায়গায় স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দীন বলেন, ‘এ সময় জরুরি ভিত্তিতে যমুনার ভাঙন রোধের জন্য কোনো বরাদ্দ নেই। তাই কোনো ব্যবস্থা নিতে পারিনি। এ কারণে ভবন দুটি অপসারণ করতে বলা হয়েছে।’