>গতকাল অমর একুশের দিনভর প্রথম আলো ও সার্ফ এক্সেলের আয়োজনে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বর্ণমেলা
ঘড়ির কাঁটায় সকাল আটটা ছুঁইছুঁই। এরই মধ্যে শিশুরা দখল করে নিল রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আধ ঘণ্টার মধ্যে স্টলে স্টলে শিশুদের উপচে পড়া ভিড়—উদ্বোধনের আগেই শুরু হয়ে গেল বর্ণমেলা।
‘বর্ণমালার আমন্ত্রণে চলো যাই বর্ণমেলায়’—এ স্লোগান সামনে রেখে প্রথম আলোর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। নাম ছিল ‘সার্ফ এক্সেল-প্রথম আলো বর্ণমেলা’। রাজশাহীতে এবারই প্রথম বর্ণমেলার আয়োজন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল নাইন।
সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইকবাল মতিন, নাট্যকার মলয় ভৌমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক রহমান রাজু, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম।
অরুণোদয় সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সকাল সাড়ে নয়টায় বর্ণমঞ্চে বেজে ওঠে জাতীয় সংগীত। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন হাসান আজিজুল হক। শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন অতিথিরা।
উদ্বোধনী বক্তব্যে হাসান আজিজুল হক শিশুদের উদ্দেশে বলেন, ‘ভাষার মাধ্যমেই মানুষের পরিচয় পাওয়া যায়। তোমাদের ধারণ করতে হবে বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। জীবন-নিংড়ানো সমস্ত শক্তি দিয়ে বাংলাকে ভালোবাসতে হবে।’
মলয় ভৌমিক বলেন, এই মেলা যেন নিতান্তই প্রদর্শনীতে পরিণত না হয়, জীবন ও চেতনার জন্য যেন কাজে লাগে। যেন সমস্ত বিকৃতির বিরুদ্ধে হাতিয়ার হয়ে ওঠে।
মেলার প্রবেশপথেই তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী শহীদ মিনার। মাঠের মাঝখানে বানানো হয়েছিল মস্ত বড় বর্ণ ‘ব’। সারা দিন শিশুরা বর্ণটির গায়ে আঁকাআঁকি করে কোনো জায়গা খালি রাখেনি। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দেন বরেণ্য গুণীজনেরা। বর্ণ প্রদর্শনী স্টলে সারা দিন ছিল সেলফি আর ছবি তোলার হিড়িক। বর্ণদোলায় সারা দিনই দোল খেয়েছে শিশুরা। আরও ছিল বিভিন্ন বর্ণে আঁকা পোশাক, বর্ণপ্রযুক্তি স্টলে ডিজিটাল বইসহ মজার মজার সিডি ও অন্যান্য সামগ্রী কিনতে শিশুদের উপচে পড়া ভিড়।
সকাল সাড়ে নয়টা থেকে দুপুরের নামাজের বিরতি ছাড়া সন্ধ্যা পর্যন্ত বর্ণমঞ্চ ছিল নাচ, গান, জাদু ও পাপেট-মাপেট ইত্যাদি আয়োজনে ঠাসা। জনপ্রিয় ব্যান্ড দল জলের গান সংগীত পরিবেশন করে। আরও গেয়েছেন ক্লোজআপ তারকা পূর্ণচন্দ্র দাস, পলাশ, আতিক, চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা নদী, ইতি, মেহেদী ও লুইপা এবং স্থানীয় ব্যান্ডশিল্পী বগা ও রন। আবৃত্তি পরিবেশন করে রাজশাহী আবৃত্তি পরিষদ। গম্ভীরা পরিবেশন করে বকুলের দল। নৃত্য পরিবেশন করেন ল্যাডলী মোহন মৈত্র ও আলো মৈত্র।
মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিশু অংশ নেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী আশফাকুল আশেকিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হাসান আশিক, মনির উদ্দিন আহাম্মেদ ও বনি আদম। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম পুরস্কার জিতে নেয় অনন্যা শিশু শিক্ষালয়ের শিক্ষার্থী আইসিস, দ্বিতীয় প্যারামাউন্ট স্কুলের জারীন রোশনী এবং তৃতীয় হয় একই বিদ্যালয়ের ইবতিসাম জারা। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা শাহরিন্ নিসা, দ্বিতীয় রাজশাহী কলেজিয়েট স্কুলের মুফককির হাসান মুগ্ধ ও তৃতীয় সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের নাবিলা নওরীন। ‘গ’ বিভাগে রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান, দ্বিতীয় সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের ফাইরুজ জাবিন ও তৃতীয় হয়েছে সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের সাদিকা তাবাসসুম।
বিকেলে জলের গানের পরিবেশনার আগে বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেন প্রথম আলোর উপদেষ্টা (গবেষণা ও আর্কাইভস) মুহাম্মদ লুৎফুল হক, অধ্যাপক ইকবাল মতিন ও বনি আদম।