উদ্বোধনের আগেই সেতু সংস্কার!
হস্তান্তরের আগেই মেরামত করতে হচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়িতিস্তা নদীর ওপর নির্মিত শৈল্যারঘাট সেতু। সেতুর নয়টি স্লাবের মধ্যে পশ্চিম প্রান্তের একটিতে ত্রুটি দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তদারকির অভাবে ও নিম্নমানের কাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেঙে যাওয়া সিলকোট মেরামতের কাজ শুরু করেছে ঠিকাদারের লোকজন।এলাকাবাসী জানায়, ডিমলা উপজেলা শহরের শহীদ মিনার চত্বর হয়ে ডোমার উপজেলার দূরত্ব কমিয়ে আনতে বুড়িতিস্তার ওপর শৈল্যারঘাট নামক স্থানে ১৭১ মিটার দীর্ঘ ও ৫ দশমিক ১২ মিটার প্রস্থের এই সেতু নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ জন্য বরাদ্দ দেয় চার কোটি ১৩ লাখ ৮৭ হাজার ৮৬৩ দশমিক ৩৫ টাকা। এটি নির্মাণ করেন সৈয়দপুরের ঠিকাদার জয়নাল আবেদিন। ২০০৯ সালের ১২ এপ্রিল কাজ শুরু করে ২০১১ সালের ৩০ জুন শেষ করার কথা ছিল। তবে এখনো এর কাজ পুরোপুরি শেষ হয়নি, চলছে সংযোগ সড়কের কাজ।এলাকার আবদুস ছালাম জানান, সেতুর পশ্চিম প্রান্তে সেতুর উপরিভাগে সিলকোট ভেঙে যাচ্ছে দেখে তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে জানান। আফতাব উদ্দিন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে গিয়ে ত্রুটি দেখতে পান। উপজেলা প্রকৌশলীকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী শ্যামাপদ ঘোষ বলেন, সেতু নির্মাণে কোনো অনিয়ম হয়নি। একটি স্লাবের ওয়্যারিং সিলকোট নষ্ট হয়েছে। এটি কোনো সমস্যা নয়। কারণ এটা মেরামতযোগ্য হওয়ায় ঠিকাদার ঠিক করে দিচ্ছেন।