উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ৫০ শয্যার নতুন ওয়ার্ডটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলের অভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্স, আয়াসহ প্রয়োজনীয় লোকবল না থাকায় উদ্বোধনের আড়াই বছরেও নবনির্মিত ভবনের ৫০ শয্যার ওয়ার্ডটি এখনো চালু করা যায়নি। এক্স-রে মেশিনটি শুরু থেকেই অকেজো, জেনারেটর ১০ বছর আর ইসিজি তিন বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে।গত ২৮ ফেব্রুয়ারি ২০০৯ বিয়ানীবাজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু আড়াই বছর পরও ৫০ শয্যার নতুন ওয়ার্ডটি চালু করা যায়নি নার্সসহ প্রয়োজনীয় লোকবল-সংকটের কারণে। অথচ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরপর দুই বছর সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্যকেন্দ্রের স্বীকৃতি পেয়েছে গাইনি বিভাগের সাফল্যের জন্য। প্রতি মাসে এখানে ১০ থেকে ২৫০ জন রোগী ভর্তি থাকে। অথচ সেই তুলনায় নার্স ও আয়া কম। নার্সের ১৭টি পদ থাকলেও বর্তমানে আছেন মাত্র সাতজন। ৫০ জন রোগীর জন্য আয়া রয়েছেন মাত্র একজন।স্বাস্থ্য কর্মকর্তা জানান, শুধু নার্স ও আয়াস্বল্পতার জন্য নতুন ওয়ার্ডটি চালু করা যাচ্ছে না। অ্যাকাউন্ট্যান্ট, কার্ডিওগ্রাফার, কম্পাউন্ডার, প্রধান সহকারী হিসাবরক্ষক, ক্যাশিয়ার, স্বাস্থ্য পরিদর্শকসহ গুরুত্বপূর্ণ অনেক পদই শূন্য।হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি শুরু থেকে নষ্ট। তিন বছর থেকে ইসিজি মেশিনটিও নষ্ট রয়েছে আর জেনারেটরটি ১০ বছর থেকে বিকল, তাই নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় অপারেশনসহ জরুরি কাজ সারতে হয় মোমবাতি ও চার্জলাইটের আলোয়। রক্ত সঞ্চালনের ব্যবস্থা ও ব্লাড ব্যাংক না থাকায় অপারেশনের রোগীদের সমস্যা পোহাতে হচ্ছে।হাসপাতালে চিকিৎসা নিতে আসা খলিলুর রহমান বলেন, ‘হুনলাম বিয়ানীবাজার স্বাস্থ্যকেন্দ্রত ভালা চিকিৎসা অয়। কিন্তু আইয়া দেখি কুনতা নাই এক্স-রে করাইতে অয় বাইরে ডায়াগনস্টিক সেন্টার গিয়া।’সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে আসা আলিম উদ্দিন বলেন, ‘আমার স্ত্রীরে ভর্তি করছি, কিন্তু ইসিজি মেশিন নষ্টর কারণে বাইরে ডায়াগনস্টিক সেন্টার নিয়া ইসিজি করাইছি, কুনতা যোদি নাই, তাইলে হাসপাতাল রাখার দরকার কিতা।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এ ছালাম জানান, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। লোকবলের সমস্যা আমাদের প্রধান সমস্যা। এক্স-রে, ইসিজি, জেনারেটর, ব্লাড ব্যাংকসহ প্রয়োজনীয় সংখ্যক লোকবল ও নার্সের সংখ্যা বৃদ্ধি করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান জেলা পর্যায়ের যেকোনো হাসপাতালের সমতুল্য হবে বলে দাবি করেন তিনি।