সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারিত বহির্বিভাগ ভবনটি ২০১১ সালের ২৪ ডিসেম্বর ঘটা করে উদ্বোধন করা হয়। এর এক বছর পেরিয়ে গেলেও ভবনটি অব্যবহূত অবস্থায় রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের সবচেয়ে বড় সরকারি এই হাসপাতালে গড়ে প্রতিদিন দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। বহির্বিভাগের পুরোনো ভবনে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় বহির্বিভাগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে ‘আউটডোর সম্প্রসারণ প্রকল্প’ গৃহীত হয়।২০০৭-০৮ অর্থবছর থেকে হাসপাতালের সামনে বহির্বিভাগের পুরোনো ভবনের সঙ্গে সংযুক্ত রেখে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৩ কোটি তিন লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত বহির্বিভাগ ভবনের নির্মাণকাজ শুরু হয়।প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ২০১১ সালের ২৪ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রসারিত বহির্বিভাগ ভবনের উদ্বোধন করেন। একই দিন প্রায় ১২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে হাসপাতালের নতুন ডেন্টাল ইউনিটেরও উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু হলেও সম্প্রসারিত বহির্বিভাগ ভবনে গত এক বছরেও কার্যক্রম শুরু হয়নি।গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রসারিত ভবনের প্রথম তলায় রয়েছে দুটি অস্ত্রোপচার কক্ষ, পর্যবেক্ষণ কক্ষ, এক্স-রে, কনসালন্টেশন, এক্সামিনেশন ও থেরাপি কক্ষ। দ্বিতীয় তলায় হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দপ্তর এবং তৃতীয় তলায় ৩৬ শয্যার সিসিইউ, ব্লাডব্যাংক, প্যাথলজি, কনফারেন্স ও শিক্ষানবিশ চিকিৎসকদের কক্ষ। ভবনটি উদ্বোধনের দিনই কার্যক্রম শুরুর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর পরও ভবনটি কেন অব্যবহূত রয়েছে, এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তর অবহিত নয়। এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক ইহতেশামুল হক চৌধুরী বলেন, পুরোনো ভবন থেকে দপ্তর স্থানান্তরসহ আনুষঙ্গিক কিছু কাজের জন্য ভবনে কার্যক্রম শুরু করতে দেরি হয়েছে।স্থানান্তর-প্রক্রিয়া উদ্বোধনের আগে করা হলো না কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘নানা কারণে হয়নি। তবে আমরা আগামী বছরের প্রথম সপ্তাহের মধ্যে নতুন ভবনে কার্যক্রম শুরুর করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি।’